রাজধানীর শাহবাগ থানাধীন বাংলা একাডেমির সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
রবিবার (২২ নভেম্বর) বেলা ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) টিএম আলআমিন জানান, গতকাল কোন এক সময় বাংলা একাডেমি এলাকায় কোন যানবাহনের ধাক্কায় আহত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন এক পথচারী তাকে হাসপাতাল থেকে চিকিৎসা করান। এরপর আবার বাংলা একাডেমির সামনের ফুটপাতে রেখে যান তাকে।
তিনি আরও জানান, আজ দুপুরে তাকে মুমূর্ষু অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধর নাম পরিচয় জানা যায়নি। তবে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।