আ.লীগের ৬৪ সদস্যসহ কুমিল্লায় আটক ৩২৫

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে গত ৪৮ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ সদস্যসহ ৩২৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। এতে ২৩০ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত