জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে দীর্ঘ নয় মাস পর আাবার লাইট-ক্যামেরার সামনে দাঁড়ান টিভি অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নির্মাতা ইকসান রনির ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে প্রত্যাবর্তন করেন এই অভিনেত্রী। ফিরেই দর্শকের প্রশংসায় ভাসছেন তিনি। গত ২১ অক্টোবর প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। মাত্র ২২ ঘণ্টায় নাটকটির ভিউ দাঁড়ায় ১৫ লাখ ৮৫ হাজারে।
নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
নাটকটির গল্প ও অভিনয় দর্শকের মধ্যে আবেগ তৈরি করেছে। বিশেষ করে নারীর সম্পত্তির অধিকার নিয়ে নাটকের বক্তব্যের সঙ্গে নিজেদের জীবনের অভিজ্ঞতার মিল খুঁজে পেয়েছেন অনেকে। মন্তব্যের ঘরে অনেকেই নাটক এবং তানিয়ার অভিনয়ের প্রশংসা করছেন।