গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভে ১০২ কারখানা বন্ধ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তারা অবরোধ করেছেন। এতে দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ভোগরা, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

পুলিশ ও শ্রমিক জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের দুই মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন শ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথাও কোথাও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।

সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে অসন্তোষ দেখা দেয়। মহানগরীর ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এরপর শ্রমিকরা মৌচাকের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করেন। একই সময় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন। পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তবে বেলা পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত