শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ তৈরি এবং উচ্চশিক্ষার সঙ্গে কর্মবাজারের চাহিদার সমন্বয় ঘটাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আয়োজন করা হচ্ছে দিনব্যাপী চাকরি মেলা। আগামী ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন প্রোগ্রাম-২০২৬’। এতে ২৫টির বেশি দেশি-বিদেশি কোম্পানি অংশ নেবে।

আয়োজনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে চাকরির সুযোগ, নিয়োগপ্রক্রিয়া এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে জানার সুযোগ পাবেন তাঁরা।

আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হবে। এরপর দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে চলবে মূল আলোচনা পর্ব। এতে দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

অন্যদিকে, অডিটোরিয়ামে আলোচনা পর্ব চলার পাশাপাশি টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী বসবে চাকরি মেলা। সেখানে অংশগ্রহণকারী কোম্পানিগুলো নিজেদের প্রতিষ্ঠানের কার্যক্রম, চাকরির সুযোগ ও নিয়োগসংক্রান্ত তথ্য তুলে ধরবে।

চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য মেলার অন্যতম আকর্ষণ সরাসরি নিয়োগদাতাদের কাছে সিভি জমা দেওয়ার সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ হওয়ার আগেই সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরতে পারবেন। পাশাপাশি চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি সম্পর্কেও ধারণা পাবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষার পাঠ্যক্রমকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়ানো এবং গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত