রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় শামসুন্নাহার বেগম (৫২) মারা গেছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এতে ঘটনাটিতে ৪ জনের মৃত্যু হল।
তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শামসুন্নাহারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিনি জানান, এর আগে মারা গেছেন তার মেয়ে দগ্ধ সানজিদা ইসলাম (২০), সাবলেট ভাড়াটিয়া দগ্ধ ইফতি সাবা (২৫) ও তার ছেলে আরিস রহমান মাহাদ (১)। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ দগ্ধ হয়েছিলেন। তিনি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় গ্যাস ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শামসুন্নাহরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছি।
দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে যান। আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।
মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তারা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তার ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারারাত গ্যাস বের হয়েছে। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু