পিণ্ডদানের মধ্য দিয়ে শেষ হল কঠিন চীবর দানোৎসব 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ডদান অনুষ্ঠান। বুধবার (২৫ নভেম্বর) সকালে বান্দবানের রাজ গুরু বৌদ্ধ বিহার (খ্যংওয়া ক্যং) থেকে তিন শতাধিক ভিক্ষু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট হয়ে হেঁটে রাজারমাঠ, উজানীপাড়া ও মধ্যমপাড়াসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিণ্ডদান গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সহধর্মিনী মমচিং ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষরা। এসময় বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোম ও আগরবাতিসহ নানা উপকরণ দান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। 

এদিকে, এ মহাপিণ্ডদানের মধ্য দিয়ে পাহাড়ে শেষ হল মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। 

প্রসঙ্গত, প্রতি বছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবরদান অনুষ্ঠান শেষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে এই মহাপিণ্ডদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কথিত আছে, গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধপল্লীতে ছোয়াং (খাদ্য) সংগ্রহ করতেন। তারই ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্মালম্বীরা যুগ যুগ ধরে এই উৎসব পালন করে আসছেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসে (উপোস) থাকার পর উদ্দীপনার মধ্যে দিয়ে দায়ক-দায়িকারা ভিক্ষুদের সম্মানে বৌদ্ধ মন্দিরগুলোতে কঠিন চীবর দানোৎসব পালন করেন। এতে চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন তুলা থেকে চর্কার মাধ্যমে সুতা তৈরি করে ভিক্ষুদের পরিধানের জন্য কোনো সেলাই ছাড়া চীবর কাপড় বুনে দেন এ উৎসবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত