ডিসেম্বরকে ঘিরে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে এসে কোন প্রকার নাশকতা সৃষ্টিকরতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টহল ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদাড়ি করাসহ সার্বিক নিরাপদ ব্যবস্থা করার কথা জানিয়েছে বিজিবি।
বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদেরকে সবধরনের সহযোগীতার কথা জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসী রায়হান হোসেন জানান,বাইরে থেকে যদি অপরিচিত কোনো মানুষ এলাকায় আসে তাহলে অবশ্যই যেন বিজিবিকে জানানো হয় সেই আহ্বান জানাচ্ছেন তারা। সীমান্তে আগে একজন করে বিজিবি সদস্য টহল দিলেও এখন সেই সংখ্যা বাড়িয়ে তারাসহ কয়েকজন মিলে টিম হয়ে ডিউটি দিচ্ছে। এ ছাড়া যেসব চেকপোস্ট রয়েছে সেগুলোতেও সার্বক্ষণিক বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
আব্দুস সালাম বলেন,সীমান্ত এলাকায় বিজিবির টহল আগের থেকে বাড়ানো হইছে। যাতে করে অবৈধভাবে ভারত থেকে কেউ দেশে আসতে না পারে বা এপার থেকে ওপারে না যেতে না পারে। তারা আমাদেরকে বলেছে যদি কোনো খোঁজখবর পাও যে কোনো দিক দিয়ে পার হবে বা যাবে, তাহলে আমাদেরকে জানিয়ে সহযোগিতা করবা। সীমান্ত অপরাধ দমনে বিজিবি যা করছে এটা দেশের জন্য যেমন ভালো তেমনি আমাদের জন্য ভালো।
স্থানীয় এলাকাবাসী নূর ইসলাম বলেন, তারা পূর্বের চেয়ে অনেক টহলদার জোরদার করেছে আগে বিজিবি যে কয়জন ছিল তার চেয়ে সংখ্যা বাড়াইছে। সীমান্ত এলাকায় কোন মানুষ যাতে বা আসতে না পারে সে লক্ষ্যে তারা খুব সতর্কাবস্থায় রয়েছে।
স্থানীয় বাসিন্দা বাদশা বলেন,আমাদের হিলি সীমান্ত এলাকা বেশ কিছুদিন ধরেই খুব কড়াকড়ি অবস্থায় আছে। বিজিবি দিনে যেমন টহল দিচ্ছে তেমনি রাতেও সার্চ লাইট জ্বালিয়ে উনারা টহল দিচ্ছে। অপরিচিত কাওকে দেখলেই তাদের বাসা কোথায় জিজ্ঞাসাবাদ করছে, আইডি কার্ড দেখছে সবি মিলিয়ে আমাদের হিলি সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এই মাসে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য আমাদের সীমান্তে সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করেছি। আমরা থার্মাল ইমেজার বৈশিষ্ট্যসম্পন্ন এবং নাইটভিশন ক্যাপাবিলিটিসহ আমাদের যে ড্রোন সিস্টেম সেটা সক্রিয় আছে। আমরা সীমান্তে নজরদারি আরও বেশি মাত্রায় বৃদ্ধি করেছি।
জয়পুরহাট ২০ বিজিবির অধীনে যে দায়িত্বপূর্ণ এলাকা রয়েছে সেখানে আমাদের নজরদারি বৃদ্ধির লক্ষ্যে দিনে ও রাতে আমরা সার্ভিলেন্স সিস্টেমের মান উন্নয়ন করেছি জানিয়ে তিনি বলেন, সেখানে নাইটভিশন ডিভাইস স্টাবলিশ করা হয়েছে। সার্চ লাইট বা ফ্লাড লাইট আমাদের কিছু স্পর্শকাতর জায়গায় স্থাপন করেছি। তারপরেও আমরা আমাদের যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা আমাদের রিজার্ভ প্লাটুন রেখেছি।
এ ছাড়া তারা স্বয়ংক্রিয় আরও অত্যাধুনিক যন্ত্রাংশ এবং থার্মাল ননলেথাল ওয়েপেনসহকারে,ফায়ার কন্ট্রোল ইকুইপমেন্টসহকারে তারা সক্রিয় আছে। যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের সক্ষমতা অনুসারে, প্রতিকার সক্ষমতা অনুসারে যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধ করতে সচেষ্ট বলে যোগ করেন তিনি।
ডিসেম্বর মাসকে ঘিরে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টাসহ সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতারা বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী নাশকতামুলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ হিলি সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার এর মধ্য দিয়ে সীমান্তে সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে। যেসব জায়গায় কাটাতারের বেড়া নেই সেখানে ড্রোন সার্চলাইট দিয়ে নজরদারি করা হচ্ছে। এছাড়া পাসপোর্ট যাত্রী ও আমদানি পণ্যবাহী ট্রাক চেকআপ করে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
সীমান্তে সতর্ক বিজিবি, ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক জব্দ
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির আধুনিক প্রযুক্তির ব্যবহার