শ্রীপুরে ৭ গার্মেন্টস কারখানায় ছুটি ঘোষণা 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের একটি দল লাঠিসোঁটা নিয়ে ৭টি কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। শ্রমিক বহনকারী একটি বাসেও হামলা চালানো হয়। এসব ঘটনার পর ক্ষতিগ্রস্ত কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার কেওয়া গাড়োপাড়া, কলিমদ্দিন চেয়ারম্যান মোড়, বৈরাগীর চালা ও ছাপিলাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

ভাঙচুরের শিকার কারখানাগুলো হলো— ছাপিলাপাড়া এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড, ঢাকা গার্মেন্টস, ঢাকা ওয়াশিং লিমিটেড ও লাক্সমা ইনারওয়্যার লিমিটেড, কেওয়া পূর্বখণ্ডের ক্রিস্টাল মার্টিন অ্যাপারেলস লিমিটেড ও ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড এবং কলিমদ্দিন চেয়ারম্যান মোড়ের নোমান টেক্সটাইল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে শ্রমিক বহনকারী বাসগুলো কারখানায় পৌঁছাতে শুরু করে। শ্রমিকদের কেউ কেউ নাশতা করছিলেন, আবার অনেকে কারখানায় প্রবেশ করছিলেন। এ সময় লাঠিসোঁটা হাতে একদল শ্রমিক মিছিল নিয়ে এসে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর শুরু করে। তারা কারখানার প্রধান ফটক, দরজা-জানালা ও আসবাব ভাঙচুর করে। কয়েকটি কারখানার প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগেও হামলা চালানো হয়।

হ্যামস গার্মেন্টসের অফিস স্টাফ রায়হান আহাম্মেদ বলেন, সকালে শান্ত পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দেয়। কেউ কেউ হোটেলে নাস্তা করছি। আমরা কয়েকজন কলিগ কারখানার সামনে দাঁড়িয়েছিলাম সমসাময়িক বিষয়ে কথা বলছিলাম। কোনো কিছু বুঝে উঠার আগেই একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে মেইন গেইটে পেটাতে থাকে। এ সময় ওরা একযোগে গেইটে ধাক্কাধাক্কি করে লোহার গেইট ভেঙে ভিতরে ঢুকে সিকিউরিটি সেকশন ও অ্যাডমিন সেকশনে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর খারখানা ছুটি ঘোষণা করা হয়। শুক্রবারসহ তিন দিনের ছুটি পড়লো গার্মেন্টস।

চা ব্যবসায়ী রবি ইসলাম বলেন, সকাল ৮টার দিকে শতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে হ্যামস গার্মেন্টসের সামনে অবস্থান নেন। এ সময় আমাদের চা স্টলে ভির ছিলো। সকালে ডিউটিতে আসা শ্রমিকরা চা সিগারেট খাচ্ছিল। একপর্যায়ে লাঠিহাতে আসা শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ধাক্কা দিয়ে খুলে ভেতরে প্রবেশ করেন। পরে কারখানার প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। কিছুক্ষণ পর হামলাকারীরা কারখানা থেকে বেরিয়ে যান। পাশের আরও বেশ কয়েকটিতেও তারা হামলা চালায়। 

ইলেকট্রনিক্স ব্যবসায়ী সাইদুর রহমান জানান, সকালে শ্রমিক বহনকারী একটি বাস ভাঙচুরে করেছে আন্দোলনরত শ্রমিকরা। ওই বাস শ্রমিক নিয়ে কারখানায় যাচ্ছিল। পরে সেলিমের দোকানের সামনে আসলে হামলা করে ভাঙচুর চালায় বাসে। এ সময় ভয়ে বাসে থাকা শ্রমিকরা ভয়ে দৌড়ে নেমে দ্বিকবিদ্বিক ছোটে। এ সময় আশপাশের দোকানপাট দ্রুত বন্ধ করে লোকজন। 

এ দিকে বেলা সাড়ে ১০টার কেওয়া গাড়োপাড়া এলাকায় ফখরুদ্দিন মোড়ে পুলিশ শ্রমিক মুখোমুখি সংঘর্ষ হয়। উত্তেজিত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল কাঁদানে গ্যাস ছোড়েন পুলিশ। কয়েক দফা দুইপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হ্যামস গার্মেন্টসের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সকালে তাদের কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পাশের একই গ্রুপের ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানাতেও ভাঙচুর করা হয়েছে। পরে কারখানা ছুটি দেওয়া হয়। বুধ ও বৃহস্পতিবার কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

 শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা এমন খবর পেয়েছি। পরে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ যায়। বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে এ ব্যাপারে শিল্প পুলিশের কারও বক্তব্য পাওয়া যায়নি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের এমসি বাজার এলাকায়, নয়নপুর এলাকায় অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা গেছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। সকালে কয়েকটি পয়েন্টে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে উঠার চেষ্টা করে। পরে পুলিশ তৎপর থাকায় তারা সুবিধা করতে পারেনি। এখন পুরোপুরি স্বাভাবিক আছে মহাসড়কের যান চলাচল।

সর্বশেষ সর্বাধিক পঠিত