অদ্ভুত বিদায়, কোনো বল না খেলেই বোল্ড আউট!

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
ক্রিকেটের মাঠে কখনো কখনো এমন সব ঘটনা ঘটে, যা সচরাচর দেখা যায় না। তেমনই এক নজিরবিহীন ও অদ্ভুত আউটের সাক্ষী হলো নারী বিগ ব্যাশ লিগ (ডব্লিউবিবিএল)। ব্রিসবেন হিট ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ক্রিজে আসায় শাস্তি হিসেবে কোনো বল খেলার সুযোগ না পেয়েই ‘বোল্ড’ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার দিয়েন্দ্রা ডটিনকে।

ম্যাচটিতে মেলবোর্ন রেনেগেডসের ইনিংস চলাকালে ক্রিজে আসতে ৭৫ সেকেন্ডের বেশি সময় নেন ডটিন। বিগ ব্যাশের বিশেষ নিয়ম অনুযায়ী, একটি উইকেটের পতনের পর নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে বল খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। ডটিন নির্ধারিত সময়ে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় নিয়ম অনুযায়ী তাঁকে পিচের এক পাশে দাঁড় করিয়ে রাখা হয় এবং ব্রিসবেন হিটের লেগ-স্পিনার সারা গ্লেনকে অরক্ষিত স্টাম্পে একটি ‘ফ্রি বল’ করার সুযোগ দেওয়া হয়। অনেকটা ‘বোল-আউটের’ মতো এই সুযোগে সারা গ্লেন নিখুঁত নিশানায় স্টাম্প ভেঙে দিলে কোনো প্রথাগত বল না খেলেই আউট হয়ে মাঠ ছাড়েন ডটিন।

ডটিনের এই বিচিত্র বিদায়ে ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় মেলবোর্ন রেনেগেডস। তখন জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৩১ বলে ৪১ রান। তবে সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ৩ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় রেনেগেডস।

এর আগে টস হেরে বা প্রথমে ব্যাট করতে নেমে ওরলা প্রেন্ডারগাস্টের ১৫ বলে ২৩ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে ব্রিসবেন হিট। রেনেগেডসের পক্ষে সোফি মলিনিউ ৪টি এবং হেইলি ম্যাথুস ২টি উইকেট শিকার করেন।

১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস ফ্লিন্টফের ৩২ বলে ৩০ রানের ইনিংসের পর মাঝপথে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রেনেগেডস। ডটিনের অদ্ভুত আউটের পর দল বিপদে পড়লেও শেষ দিকে অ্যানি উইকম্যান ও কোর্টনি ওয়েবের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় মেলবোর্ন।

উল্লেখ্য, বিগ ব্যাশে ‘টাইমড আউট’ নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালে ছেলেদের বিগ ব্যাশে (বিবিএল) মেলবোর্ন স্টারসের অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ক্রিজে আসতে দেরি করায় অ্যাডিলেড স্ট্রাইকার্সের অ্যাডাম হোস আম্পায়ারদের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন। সেবার আম্পায়াররা আবেদন নাকচ করায় বেঁচে গিয়ে ৩৪ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্টারসকে ৮ রানের জয় এনে দিয়েছিলেন স্টয়নিস।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত