কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পিএম

সন্ধ্যার ব্যস্ত সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা হামিম এবং স্থানীয় অটোরিকশাচালক সুজন (৩২)। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি প্রধান ফটকের সামনে আসেন। কিছুক্ষণ পর সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ফটকের আশপাশে অবস্থান করা ওই শিক্ষার্থী ও অটোরিকশাচালক আহত হন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানান, আনুমানিক সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে বিকট শব্দ শুনতে পান তারা। পরে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারেন, সেখানে ছোটখাটো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তাদের ধারণা হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে ঘরে তৈরি একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

প্রক্টর আরও জানান, বিস্ফোরণের পর ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকেও জানানো হবে।

এদিকে, প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত