ক্ষতি পোষাতে ছুটির দিনেও কর্মচাঞ্চল্য সাভার-আশুলিয়া

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ এএম

গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ১১৮টি তৈরি পোশাক কারখানা চালু ছিল। এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সে ঘাটতি পুষিয়ে নিতে গতকালও কারখানাগুলো খোলা রাখা হয় বলে জানিয়েছেন কারখানা মালিকরা।

এ দিন সকাল থেকে সাভারের হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশের সদস্যরা।

শিল্প পুলিশ জানায়, স্বাভাবিক সময়েও সাপ্তাহিক ছুটির দিনে কিছু কারখানা খোলা থাকে। বিশেষ করে জরুরি শিপমেন্ট থাকলে সংশ্লিষ্ট কারখানাগুলো উৎপাদন চালু রাখে। একইভাবে শুক্রবারও ১১৮টি কারখানা চালু রয়েছে। এসব কারখানায় সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি। আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাধারণত শুক্রবার ছুটির দিনে কারখানা বন্ধ থাকে। তবে জরুরি প্রয়োজন থাকলে কিছু কারখানা চালু রাখা হয়। শুক্রবারও এ ধরনের ১১৮টি কারখানা চালু রয়েছে। পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, স্বাভাবিক সময়েও নানা জরুরি প্রয়োজনে কিছু কারখানা ছুটির দিনে চালু থাকে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। পুরোদমে কাজ শুরু হলেও পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে তাদের প্রত্যাশা।

সর্বশেষ সর্বাধিক পঠিত