টেকনাফে রোগ নির্ণয়ে ভয়াবহ প্রতারণা

অনুমোদনহীন ল্যাব ও অদক্ষ টেকনিশিয়ানদের দৌরাত্ম্য

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও উপজেলায় রোগ নির্ণয়ের নামে চলছে ভয়াবহ প্রতারণা। অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজি ল্যাবগুলোতে অদক্ষ টেকনিশিয়ানদের দিয়ে পরীক্ষা করিয়ে দেওয়া হচ্ছে মনগড়া রিপোর্ট। এর সবচেয়ে বড় শিকার হচ্ছেন উপজেলার অসহায় ও স্বল্পশিক্ষিত গর্ভবতী নারীরা। ভুল আল্ট্রাসনোগ্রাম, রক্তের গ্রুপ ও হিমোগ্লোবিন রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা নেওয়ায় প্রসূতি ও নবজাতকের জীবন চরম মৃত্যুঝুঁকিতে পড়ছে।

সরেজমিনে টেকনাফ পৌরসভা, হ্নীলা, হোয়াইক্যং, শামলাপুর এবং বাহারছড়ার বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ঘুরে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ঘিরে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী দালাল চক্র। তারা সরকারি হাসপাতালে সেবা নিতে আসা গর্ভবতী নারীদের দ্রুত ও নির্ভুল পরীক্ষার প্রলোভন দেখিয়ে এসব নামসর্বস্ব ল্যাবে ভাগিয়ে নেয়।

সরেজমিন ও প্রতারণার কৌশল : অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের অধিকাংশ বেসরকারি ল্যাবে কোনো সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক বা নিবন্ধিত প্যাথলজিস্ট নেই। ল্যাবের সাধারণ কর্মচারীরাই আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলজির যন্ত্রপাতি পরিচালনা করেন। অনেক ক্ষেত্রে রোগীর নমুনা পরীক্ষা না করেই আগে থেকে কম্পিউটারে তৈরি করে রাখা ফরম্যাটে নাম বসিয়ে এবং চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর ব্যবহার করে রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়। ফলে একই রোগীর রক্তের গ্রুপ বা শারীরিক অবস্থার রিপোর্ট একেক ল্যাবে একেক রকম আসছে।

ভুক্তভোগীদের ভয়াবহ অভিজ্ঞতা ভুল রিপোর্টের কারণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টেকনাফের শাহপরীর দ্বীপের রাবেয়া বেগম। তিনি ক্ষোভ ও আতঙ্ক নিয়ে বলেন, গর্ভাবস্থার ৯ মাসে টেকনাফ পৌরসভার বাস স্টেশনে মেডিকো নামে একটি ল্যাবে আল্ট্রাসনোগ্রাম করাই। রিপোর্টে বলা হয় গর্ভের সন্তানের ওজন চার কেজির ওপরে ও পানির পরিমাণ একদম অস্বাভাবিক। ভয় পেয়ে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার পুনরায় পরীক্ষা দিয়ে রিপোর্ট দেখে সব কিছু ঠিক আছে বলেছে। নরমাল ডেলিভারি করা যাবে বলেছে। টেকনাফের ওই ভুয়া রিপোর্টের কারণে অহরহ মায়ের মৃত্যু হচ্ছে। এদের বিরুদ্ধে সরকারকে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই ধরনের বিপদে পড়েছিলেন হ্নীলা ইউনিয়নের বাসিন্দা মো. আয়ুব আলী। তিনি জানান, ‘স্ত্রীর প্রসবকালীন জটিলতার জন্য হ্নীলার একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ পরীক্ষা করাই। তারা রিপোর্টে ভুল গ্রুপ উল্লেখ করে। পরে প্রসবের সময় জরুরি ভিত্তিতে রক্ত দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

ভুল ডায়াগনস্টিক রিপোর্টের স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. এনামুল হকসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাম, রক্তের গ্রুপ ও হিমোগ্লোবিন রিপোর্ট অত্যন্ত সংবেদনশীল। ভুয়া রিপোর্টের কারণে চিকিৎসকরা সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হন। এর ফলে প্রসূতির খিঁচুনি, অতিরিক্ত রক্তক্ষরণ, গর্ভপাত এমনকি মাতৃমৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রেজাউল হাসান বলেন, লাইসেন্সবিহীন ও মানহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অদক্ষ জনবল দিয়ে পরীক্ষা চালানো এবং ভুয়া রিপোর্ট দেওয়া একটি গুরুতর দ-নীয় অপরাধ। আমাদের কাছে ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ এসেছে। উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের টেকনাফের লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন এবং বৈধ কাগজপত্র, পরিবেশ ছাড়পত্র ও দক্ষ জনবল না থাকলে প্রতিষ্ঠান সিলগালা করার হুঁশিয়ারি দেন।

স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, কেবল লোকদেখানো জরিমানা নয়, বরং গর্ভবতী মা ও সাধারণ মানুষের জীবন বাঁচাতে অবৈধ ল্যাবগুলো স্থায়ীভাবে সিলগালা করা হোক। পাশাপাশি হাসপাতালের ভেতরে ও বাইরে সক্রিয় দালাল চক্রকে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত