নারায়ণগঞ্জে ইটভাটার চাঁদা নিয়ে সংঘর্ষ গুলি, আহত ২০

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটায় চাঁদা ও মাটি বিক্রি কমিশন-বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষে শটগান দিয়ে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের নারীসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামেদ আলীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোকে কেন্দ্র করে মাটি, শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের সূত্রপাতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি রাবার বুলেট ছুড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে পাঁচজনকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত