যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ সংবেদনশীল সামরিক, কর্মীসংক্রান্ত ও সরবরাহ ব্যবস্থাপনার তথ্য ঝুঁকির মুখে পড়েছে। খবর রয়টার্সের।
গত এক মাসের মধ্যে সিস্টেমটি উন্নত করার কাজ চলাকালে এ অনুপ্রবেশ শনাক্ত হয়। এরপর থেকে প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তবে কারা এ হামলা চালিয়েছে, অনুপ্রবেশের পরিধি কতটা বিস্তৃত কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, সিস্টেম এবং সামরিক মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানকে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন মেটানোর সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছিল। এ উদ্যোগে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেট—এই চার প্রযুক্তি প্রতিষ্ঠানের সেবা ও সক্ষমতা একত্র করা হয়। এর মাধ্যমে বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে সামরিক ও বেসামরিক কর্মীদের তথ্য এবং বেতন ব্যবস্থাপনা, সরবরাহ কার্যক্রম ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণসংক্রান্ত ব্যবস্থা। ফলে প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের ঘটনা বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কার্যক্রমের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।
এ ছাড়া ক্লাউড ওয়ানের আওতায় রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা। এটি উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য উৎসের তথ্য সংগ্রহ ও সমন্বয় করে। ফলে এই প্ল্যাটফর্মের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।