কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে মশাল মিছিলের পর সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পাশাপাশি চলছে নিয়মিত টহল।
জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে নিরাপত্তা জোরদারের মধ্যেও কর্মসূচি কেন্দ্র করে জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।
গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষের চলাচল এবং যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। তবে কর্মসূচি সামনে রেখে উপার্জন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিম্নআয়ের মানুষ। শহরের রিকশাচালক মাহফুজ রহমান বলেন, এমনিতেই আয়-রোজগার কম। তার ওপর আন্দোলন ও কর্মসূচির কারণে যাত্রী কমে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কৃষিকাজের সঙ্গেও জড়িত থাকায় নানা দিক থেকে আর্থিক সংকটে রয়েছেন তিনি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আগের মতো ভালো পরিবেশ ফিরে আসুক এমন প্রত্যাশা তার।
এদিকে টানা তৃতীয় দিনের মতো বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে লেনদেনের সমস্যায় ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ও গ্রাহক উভয়ই। গোপালগঞ্জ শহরের বিকাশ এজেন্ট আবির হোসেন বলেন, লেনদেন করতে না পারায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। কিছু ব্যক্তিগত অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহক আসছেন না। ব্যবসার জন্য টাকা বিনিয়োগ করে রেখেও কোনো লাভ হচ্ছে না। একই সঙ্গে টাকা তুলতে আসা গ্রাহকরাও ভোগান্তিতে পড়ছেন।
অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখনো থানা দুটির কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়নি। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। টুঙ্গিপাড়ার বাসিন্দা হোসেন মিয়া বলেন, কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে সাধারণ মানুষ প্রথমে থানায় যায়। কিন্তু থানার কার্যক্রম বন্ধ থাকলে পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। দেশের অন্যান্য স্থানেও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম দ্রুত চালু করা জরুরি। এদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে।
এ পরিস্থিতিতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউজ ও জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
গোপালগঞ্জের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল জানান, মহাপরিচালকের নির্দেশনায় জেলায় ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা বা ক্ষতি না ঘটে, সে লক্ষ্যে তারা দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া গোপালগঞ্জে ৫৫ প্লাটুন বিজিবি এবং পুলিশের ২ হাজার ৩৫০ জনেরও বেশি সদস্য, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গোপালগঞ্জে অবস্থানরত ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উল্লাহ জানান, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তাদের সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রস্তুত রয়েছেন। পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে আগামী দুই দিনের কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক থাকবে। একই সঙ্গে বন্ধ থাকা থানার কার্যক্রম ও মোবাইল ব্যাংকিংসেবা স্বাভাবিক হলে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে।
লকডাউনের সমর্থনে মহাসড়ক অবরোধ, লগি-বৈঠা মিছিল : লকডাউনের সমর্থনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লগি-বৈঠা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩টার পর গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ কর্মসূচি। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে বিভিন্ন সেøাগান দেন তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় প্রবেশ করেন নেতাকর্মীরা। এ সময় ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউনের সমর্থনে সেøাগান দেন তারা। এ ছাড়া লকডাউনের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কোটালীপাড়াসহ বিভিন্ন স্থানে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।