ভোগান্তি বেশি সেবা কম সরকারি হাসপাতালে

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ এএম

২৬ অক্টোবর দুপুর ১২টা। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের পেইং শিশু বিভাগের ৬০৪ নম্বর ওয়ার্ডে ঢুকেই এক ব্যক্তিকে ঘিরে একটি ছোট্ট জটলা চোখে পড়ল। কাছে গিয়ে দেখি কয়েকজন রোগী ও তাদের স্বজন রফিক শেখ নামের এক ব্যক্তির বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন। হাসপাতালের ফাইল হাতে নিয়ে তারা রফিকের কাছে জানতে চাচ্ছেন কখন কোথায় কোন টেস্ট করতে হবে, খরচই বা কতো পড়বে। রফিক রোগীদের হাতে স্লিপে মোবাইল নম্বরসহ ক্লিনিকের ঠিকানাও লিখে দিচ্ছিলেন। সাংবাদিক পরিচয় গোপন করে সিবিসি (রক্ত পরীক্ষা), এক্স-রে (বুকের) এবং সিরাম বিলিরুবিন (জন্ডিস)-সহ বিভিন্ন টেস্টের খরচ জানতে চাইলাম। প্রশ্নের ধরন দেখে কিছুটা সন্দেহের চোখে তিনি উল্টো জানতে চাইলেন আপনার রোগী কোথায়, কোন ওয়ার্ডে। একপর্যায়ে তার সন্দেহের মাত্রা তীব্র হলে নানা প্রশ্ন করা শুরু করেন। উদ্বিগ্ন কণ্ঠে বলেন, ভাই মনে হয় আপনি সাংবাদিক, প্লিজ আমার পেটে লাথি দেবেন না। আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সব করে দেব বলতে বলতে তিনি দ্রুত সটকে পড়েন। খোঁজ নিয়ে জানতে পারলাম রফিক শেখ হাসপাতালের কেউ না। আশপাশের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কমিশনের ভিত্তিতে রোগী ভাগিয়ে নেওয়াই তার কাজ। শুধু রফিক শেখ নন, এই দালালচক্রের হাত ধরেই মিটফোর্ডের একশ গজের মধ্যে গড়ে ওঠা অসংখ্য ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার টিকে রয়েছে।

জানা গেছে, মিটফোর্ডে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের প্রতিটি ধাপে এই দালালচক্রকে মোকাবিলা করতে হয়। এতে হাসপাতালের কর্তা ব্যক্তিদেরও সায় এবং দায় রয়েছে। কেবল মিটফোর্ড নয়, প্রায় প্রতিটি সরকারি হাসপাতালেই দালালচক্র গড়ে ওঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাম প্রকাশ না করার শর্তে একজন স্টাফ বলছিলেন, ভাই এখানে আয়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কেয়ারটেকার, আনসার সদস্যসহ নতুন যোগ দেওয়া স্বাস্থ্যকর্মীরাও দালালের কাজ করেন। বড় বড় কর্মকর্তারা দেখেও না দেখার ভান করেন। এভাবেই চলছে ভাই।

গত ২৬ আগস্ট দেশ রূপান্তরের সঙ্গে কথা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৯ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বেডে স্বামী নিয়ে চিকিৎসাধীন সাহিদা আক্তারের সঙ্গে। তিনি জানান, দালালদের বাড়তি টাকা দিলে ভালো সেবা পাওয়া যায়। ওয়ার্ড মাস্টার জানালেন, আগে যোগাযোগ করে টাকা দিলে নাকি শয্যাও পাওয়া যায়। আমাদের টাকাও নেই সেবাও নেই। হাসপাতালের দালাল কারা জানতে চাইলে তিনি বলেন, এখানে আয়া, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কেয়ারটেকার, আনসার সদস্যসহ সবাই দেখি দালালের কাজ করেন। অনেক সময় তারা আত্মীয় বানিয়ে নানা ধরনের সেবা নিয়ে থাকেন।

হাসপাতালের ফটকে প্রবেশের পরপরই রোগী ও তাদের স্বজনদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়। কোন বিভাগে যাবেন, কোথায় টিকিট পাওয়া যাবে, কোন চিকিৎসকের কাছে গেলে দ্রুত সেবা মিলবে এসব তথ্য জানতে গিয়ে অনেকেই অপরিচিত ও দালালচক্রের পাল্লায় পড়েন। আর এই সুযোগেই নিজেদের হাসপাতালের লোক কিংবা সংশ্লিষ্ট বিভাগের পরিচিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন চক্রের সদস্যরা।

মিটফোর্ড হাসপাতালের এক পাশে মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতাল, বাঁধন ক্লিনিক, ইস্টার্ন ডায়াগনস্টিক সেন্টার, মুনলাইট ক্লিনিক অ্যান্ড হাসপাতাল ও ম্যাক্স লাইফ ডায়াগনস্টিক সেন্টার। দ্বিতীয় গেটে দাঁড়ালেই চোখে পড়বে আল আরাফাত হাসপাতাল, বাঁধন হাসপাতাল, ম্যাক্স এইড হাসপাতাল, ইবনে সিনা, নিউ ঢাকা মডার্ন ক্লিনিক, ফিজিওথেরাপি বিভাগ ঢাকা হাসপাতাল, আলফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। তৃতীয় গেট দিয়ে বের হলেই চোখে পড়বে ভিক্টোরিয়া হাসপাতাল, মেডিসিন হেলথ্ কেয়ার, ডক্টরস ক্লিনিক অ্যান্ড হাসপাতাল। মিটফোর্ডের বেশ কিছু ডাক্তারের নিয়মিত ওই সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আসা যাওয়া আছে। কারও কারও মালিকানাও রয়েছে। প্রতিটি হাসপাতালের নিজস্ব একাধিক প্রতিনিধি রয়েছে তারাই নানা প্রলোভনে হাসপাতালে রোগীদের ভাগিয়ে নিয়ে আসেন। কেরানীগঞ্জের কদমতলীর বাসিন্দা নিজামুল এই প্রতিবেদককে তার প্রতারিত হওয়ার কাহিনি শোনালেন। তিনি বলেন, ‘ভাই মাথাব্যথা নিয়ে আসছিলাম মিটফোর্ড হাসপাতালে ডাক্তার দেখাতে। পরে দালালের পাল্লায় পড়ে পাশেই ম্যাক্সলাইফ হসপিটালে ভর্তি হই। সিটিস্ক্যান না, কিসব করালো বুঝতেই পারলাম না। পরে জানতে চাইলে স্টাফরা বকাবকি করে আর বলে যে এই হাসপাতালের মালিক কে তা তো জানেন না। তিনি মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার বেলাল স্যার। ওদের পাল্লায় পড়ে আমার পকেটের টাকা শেষ।’

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসার আশায় হাসপাতালে আসা মানুষ যখন দ্রুত একটি শয্যা, প্রয়োজনীয় পরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য দিশাহারা হয়ে পড়েন, তখনই তাদের দুর্বলতার সুযোগ নেয় দালালচক্র। সরকারি ব্যবস্থাপনায় যে সেবা পাওয়ার কথা, তা দ্রুত পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রোগীদের কাছ থেকে টাকা আদায়, বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া এবং বিভিন্ন সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় করছেন। দীর্ঘদিনের এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগের অভাবে জনস্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

ঢাকার মিরপুর থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে আসা সালাউদ্দিন জানান, তার বোন তাহমিনা (ছদ্মনাম) (২৪) হঠাৎ অসুস্থ হওয়ায় গত ১৯ অক্টোবর তাকে নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়েছে। গত ২৭ অক্টোবর সোহরাওয়ার্দী হাসপাতালে কথা হয় সালাউদ্দিনের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে দালালের খপ্পরে পড়ে প্রায় অর্ধলক্ষ টাকা গচ্চা দেওয়ার কাহিনি শোনালেন। বললেন, সকাল ৮টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের টিকিট কাটার জন্য মহিলা কাউন্টারে লাইনে দাঁড়ান তাহমিনা। মুহূর্তের মধ্যে বোরখা পরিহিত এক মহিলা পাশে এসে বলতে থাকেন টিকিট কাটতে পারলেও তিন দিনেও ডাক্তার দেখাতে পারবেন না। এত ভিড়ের চেয়ে পাশেই শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল রয়েছে। ওখানে সোহরাওয়ার্দী মেডিকেলের আরপি স্যার বসেন। তিনি বড় মাপের ডাক্তার। তাই ওখানে তিনশ টাকায় ডাক্তার দেখাতে পারবেন। শেষ পর্যন্ত সেখানে যাই এবং ডাক্তারও দেখানোর পর বোনকে ভর্তি করি। কয়েক দিনে ২৫টি টেস্ট করানো হয় এবং সব মিলিয়ে বিল দিতে হয়েছে ৪২ হাজার টাকা। অথচ পেটব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম চিকিৎসা নিতে। তাদের যন্ত্রণায় বোনকে আবার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করাই। তবে এখানেও-তো চিকিৎসা পাচ্ছি না। ভর্তির পর থেকেই তাকে নিয়ে নানা বিড়ম্বনার মধ্যে আছি। এতদিনেও হাসপাতালের শয্যা পাইনি। চাইলে বলে টাকা লাগবে। বারান্দায় ঠাঁই হয়। ছয় দিনে মাত্র দুইবার ডাক্তার দেখেছেন। হাসপাতালের চিকিৎসার মান অনেক খারাপ। ডাক্তাররা দায়িত্ব নিয়ে কাজ করেন না। ডাকাডাকির পর আসেন। মাঝে মধ্যে নার্স আসেন। সরকারি ওষুধ দেওয়া হয় না। জিজ্ঞাস করলে নার্সরা বলেন, ওষুধের সাপ্লাই নেই। মাঝে মধ্যে স্টাফরা চরম দুর্ব্যবহার করেন।

জানতে চাইলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ার দেশ রূপান্তরকে বলেন, আমি যোগদানের পর সেবার মান বৃদ্ধি পেয়েছে। বড় হাসপাতাল হিসেবে আমাদের কিছু সমস্যা রয়েছে। হাসপাতাল ও রোগীদের স্বার্থে যা করণীয় আমরা তা করে থাকি। আর আমাদের হাসপাতালের লোকজন দালালির সঙ্গে যুক্ত রয়েছে এমন প্রমাণ পেলে বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেব।

কথা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খানের সঙ্গে। হাসপাতালের অব্যবস্থাপনা ও দালালচক্র নিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, এটা অস্বীকার করছি না। অনেক দিন ধরেই তা চলছে। আমরা অভিযান চালাচ্ছি, আনসার সদস্যরা এই চক্রের সদস্যদের ধরে পুলিশেও দিচ্ছে, তারা বের হয়ে আবার শুরু করে। আমাদের এখানে পরীক্ষা-নিরীক্ষার কোনো ঘাটতি নেই। হয়তো কিছু ভোগান্তি আছে। তবু সহজ-সরল রোগীদের ভাগিয়ে নিয়ে কিছু লোক নানা ধরনের অপকর্ম করছে। তবে আমরা সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। তিনি জানান, দালালচক্রের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, প্রতিদিন আউটডোর ও জরুরি বিভাগের সামনে সকাল থেকেই কয়েকটি দালালচক্র সক্রিয় হয়ে ওঠে। এরা গ্রাম থেকে আসা অসহায় রোগী ও স্বজনদের টার্গেট করে। এদের এড়িয়ে ডাক্তারের কাছ পর্যন্ত গিয়ে ব্যবস্থাপত্র সংগ্রহ করতে পারলেও শেষ রক্ষা হয়। ছোঁ মেরে ব্যবস্থাপত্র হাতে নিয়েই বলতে থাকেন সিট নাই, ভর্তি হতেই কয়েক দিন লেগে যাবে, টেস্ট করাবেন কীভাবে মেশিন নষ্ট, এখানে চিকিৎসা পাবেন না। রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাইরে কম টাকায় করিয়ে দিতে পারব এমন আশ্বাসে আশপাশের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। কেরানীগঞ্জ থেকে আসা রোগী মোমেনা খাতুন দেশ রূপান্তরকে বলেন, এক পরীক্ষার জন্য কয়েকবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। এখানকার কর্মচারী দিয়ে করালে দ্রুত ব্যাংকে টাকা জমাসহ সব ব্যবস্থা হয়ে যায়। তাদের দিয়ে না করালে দেখা যায় এক পরীক্ষাতেই দিন পার। একটি টেস্ট করিয়ে দিতে তিনি আমার কাছে ২০০ টাকা নিয়েছেন। তারা যার কাছ থেকে যা নিতে পারে। বেশি পরীক্ষা থাকলে বেশি টাকা লাগে।

সর্বশেষ সর্বাধিক পঠিত