জামায়াত আমির বললেন

প্রতিশ্রুতি ভেঙে দলীয়করণের পথে হাঁটছে বিএনপি

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ এএম

বিএনপি কথা দিয়েছিল, তারা আর অতীতের রাজনীতিতে ফিরে যাবে না। কিন্তু অতীতের মতো দলীয়করণের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘একটি জাতি যদি দলীয়করণকৃত শিক্ষাব্যবস্থা পায়, তবে সেই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ অনিশ্চিত।’

গতকাল শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরারদিনব্যাপী অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, একসময়ের মজলুম একটি দল অভ্যুত্থানের পর যেভাবে চরিত্র বদল করেছে, তাতে জনগণ তাদের প্রতি আর আস্থা রাখতে পারছে না। অভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের ভিত্তি হতে পারে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে না।’ গণভোটের গণরায় বাস্তবায়নে কালক্ষেপণ করা হলে জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে, স্থায়ী হবে না বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, জুলাই আন্দোলনের অঙ্গীকার উপেক্ষা করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়ারও সমালোচনা করেন তিনি।

প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমাদের প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী একটি দেশের আচরণ বন্ধুত্বপূর্ণ নয়।’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সরকারকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি সংসদে উপস্থাপন, পোশাকশ্রমিকদের মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান। সঞ্চালনা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে দলের নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত