পঞ্চগড় হানাদার মুক্ত দিবস আজ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ এএম
আজ ২৯ নভেম্বর ঐতিহাসিক পঞ্চগড় মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় পঞ্চগড়। মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও প্রতিরোধের মধ্য দিয়ে অর্জিত এ দিনটি প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
 
দিবসটি উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসনের নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত। বর্ণাঢ্য র‌্যালি নিয়ে সকাল পৌনে ১০টায় জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন বধ্যভূমি চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
 
 
জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।
 
জানা গেছে, মুক্তিযুদ্ধের শুরু থেকেই পঞ্চগড় ছিল প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। জেলার বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সীমান্তবর্তী তেঁতুলিয়া ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। নভেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের আক্রমণ আরও জোরদার হলে একে একে বিভিন্ন এলাকা হানাদারমুক্ত হতে থাকে।
 
২৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী পঞ্চগড় শহরের দিকে সম্মিলিতভাবে আক্রমণ চালায়। আক্রমণের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী পঞ্চগড় শহর ছেড়ে পিছু হটে। পরদিন ২৯ নভেম্বর মুক্তিযোদ্ধারা পঞ্চগড় শহরে প্রবেশ করলে স্বাধীনতার পতাকা উড়িয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এভাবেই হানাদারমুক্ত হয় পঞ্চগড়।
সর্বশেষ সর্বাধিক পঠিত