প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার প্রগতি ময়দানে নয়াদিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ শীর্ষ সম্মেলনে ‘এক পরিবার’ শীর্ষক অধিবেশনে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘বৈশ্বিক পরিবারের সমান সদস্য হিসেবে আমাদের অবশ্যই সকলের মর্যাদাপূর্ণ জীবন এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ এ প্রসঙ্গে তিনি ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আগামী দিনে একটি উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে জি-২০ নেতাদের কাছে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তার প্রথম সুপারিশে বলেন, টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন জি-২০সহ সব বহুপক্ষীয় উদ্যোগের আলোচ্যসূচির শীর্ষে থাকা উচিত। তিনি তার দ্বিতীয় সুপারিশে বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জি-২০-এর উচিত শুল্কমুক্ত, কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার এবং একতরফা শুল্ক অগ্রাধিকারের বর্ধিতকরণ এবং মসৃণ ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে উত্তরণের পর একটি উল্লেখযোগ্য সময়সীমার জন্য ধারাবাহিকভাবে ট্রিপস (টিআরআইপিএস) ছাড়ে সহায়তা করা।
শেখ হাসিনা তার তৃতীয় মতামতে বলেন, জি-২০ কৃষিসহ প্রয়োজনীয় পণ্যের মসৃণ, সময়োপযোগী এবং অনিশ্চিত সরবরাহ নিশ্চিত করতে তাদের বাজার খোলা রেখে দুর্বল অর্থনীতির দেশগুলোর পাশে দাঁড়াতে পারে। চতুর্থত, তিনি বলেন, শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য বিশ্ব জনসংখ্যার অর্ধেক নারীর প্রতি সমান মনোযোগ দিতে হবে।
শেখ হাসিনা তার চূড়ান্ত সুপারিশে বলেছেন, বিশ্বব্যাপী মানব উন্নয়ন নিশ্চিত করতে অংশীদার, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত এবং অন্য স্টেকহোল্ডারদের সহায়তায় দক্ষিণ-দক্ষিণ এবং ত্রিভুজাকার সহযোগিতা জোরদার করতে হবে।
বর্তমান বিশ্ব অর্থনীতিকে বিবেচনায় রেখে একটি ন্যায্য ও সুষ্ঠু অর্থনৈতিক শৃঙ্খলার জন্য সম্মিলিতভাবে কাজ করার সময় এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি জি-২০ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন প্রক্রিয়ায় সহায়ক হবে।’
শান্তির স্বার্থে সমন্বিত পদক্ষেপ নিতে হবে : বিশ্বব্যাপী সংহতি জোরদার এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা গ্রহণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে ‘ওয়ান আর্থ’ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তার চার দফা সুপারিশে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার সুপারিশের প্রথম পয়েন্টে বলেছেন, ‘এখানে জি-২০ এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বাংলাদেশ সংকট মোকাবিলায় কার্যকর সুপারিশ তৈরি করতে তাদের প্রচেষ্টাকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে যোগ দেন।
শেখ হাসিনা তার দ্বিতীয় পয়েন্টে বলেন, মানবতার বৃহত্তর স্বার্থে এবং সারা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী সাহসী, দৃঢ় এবং সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, বৈশ্বিক উন্নয়নের জন্য প্রধান অর্থনীতির দেশগুলোর তাদের যথাযথ দায়িত্ব পালন করা উচিত।
তৃতীয়ত, ক্লাইমেট ভালনারেবল ফোরামের ত্রয়ীকার সদস্য হিসেবে সরকারপ্রধান বলেন, ‘জলবায়ুজনিত অভিবাসন মোকাবিলায় অতিরিক্ত অর্থায়নের ব্যবস্থা করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতি এবং ক্ষয়ক্ষতি তহবিল চালু করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আসন্ন কপ-২৮-এ আমি সবাইকে জবাবদিহি এবং স্বচ্ছতার সঙ্গে ক্ষতি এবং ক্ষতির জন্য তহবিল বাস্তবায়নের ওপর জোর দেওয়ার জন্য অনুরোধ করব।’
প্রধানমন্ত্রী অবশেষে অভিমত ব্যক্ত করেন, সব মানুষেরই উপযুক্ত জীবনযাপনের সমান অধিকার থাকা উচিত। দুর্ভাগ্যজনকভাবে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের (রোহিঙ্গা) তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে বৈশ্বিক সম্প্রদায় ভুলবেন না এবং তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, ‘আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে ও শক্তিশালীকরণে জি-২০ অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’ তিনি বলেন, ‘আমাদের একে অন্যের প্রতি লক্ষ রাখতে হবে এবং আমাদের মাতৃ পৃথিবীর যত্ন নেওয়ার জন্য নিজেদের পুনরায় প্রতিশ্রুতি দিতে হবে।’
২০২২ সালে গঠিত জাতিসংঘ মহাসচিবের গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের একজন চ্যাম্পিয়ন হিসেবে শেখ হাসিনা উল্লিখিত সুপারিশগুলো করেছেন।
শীর্ষ সম্মেলনের এই অধিবেশনে ভাষণকালে তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি বৈশ্বিক ব্যবস্থা চাই, যা দারিদ্র্যবিমোচন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রশমন, সংঘাত প্রতিরোধ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য প্রযুক্তিগত স্থানান্তরকে অর্থায়নের মাধ্যমে সমাধান করতে হবে।’
বাইডেনের সঙ্গে শেখ হাসিনার শুভেচ্ছাবিনিময় : জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন। নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তারা একে অপরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছাবিনিময়ের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নিজের মোবাইল ফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জো বাইডেনের সঙ্গে চমৎকার খোশগল্প হয়েছে। আমি তাকে সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে জনস্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থায় বিদ্যালয়ে মনোবিজ্ঞানীর প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেছি।’ তিনি বাইডেনের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি আপলোড করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকেও এসব ছবিতে দেখা যায়। একটি ছবিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি নিতেও দেখা যায়। বাসস
