ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দিতে শুরু করেছে উত্তর কোরিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানায়, উত্তর কোরিয়া ইতিমধ্যে অন্তত এক হাজার কনটেইনার অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে রাশিয়ায়, যা পশ্চিমাঞ্চলের অস্ত্র ডিপোতে পৌঁছেছে। গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের এমন দাবির পর যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া এক যৌথ বিবৃতিতে বলছে, রাশিয়া বা উত্তর কোরিয়া বিষয়টি অস্বীকার করলেও এটি নিশ্চিত যে, উত্তর কোরিয়ার অস্ত্র রাশিয়ার পশ্চিমাঞ্চলের অস্ত্র ডিপোতে পৌঁছেছে। তারা সেগুলো ইউক্রেনে ব্যবহার করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, মাসখানেক আগে উত্তর কোরিয়োর সর্বোচ্চ নেতা কিম জং উন যখন রাশিয়া সফরে যান তখনই হয়তো অস্ত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত হয়। সে সময় পশ্চিমা দেশগুলো বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা করে। যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে বলে, উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করার কথা বিবেচনা করেই যাচ্ছে। দুই দেশের মধ্যে অস্ত্রচুক্তি বাস্তবায়ন হলে ইউক্রেনে হামলার জন্য তারা এসব অস্ত্র ব্যবহার করবে।
গতকাল ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছিল রাশিয়া। আর সেই চাওয়া অনুযায়ী, পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশটি রাশিয়াকে অস্ত্র দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় গেছে এক হাজারেরও বেশি অস্ত্রবাহী কনটেইনার। ব্রিটিশ গোয়েন্দারা আশঙ্কা করছেন, যদি এ ধারা চলতে থাকে, তাহলে রাশিয়ার অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হবে উত্তর কোরিয়া।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অস্ত্র সরবরাহের সাম্প্রতিক তথ্যগুলো রাশিয়া অস্বীকার করলেও, এটি নিশ্চিত যে, উত্তর কোরিয়ার অস্ত্র রাশিয়ার পশ্চিমাঞ্চলের অস্ত্র ডিপোতে পৌঁছেছে। এসব ডিপো ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করে। যে গতিতে উত্তর কোরিয়া এখন অস্ত্র সরবরাহ করছে; সেটি ধরে রাখতে পারলে তারা বেলারুশ ও ইরানের সঙ্গে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হবে।
ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, কী শর্তে উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র দিতে সম্মত হয়েছে, সেটি নিশ্চিত নয়। তবে এ ক্ষেত্রে বেশ কয়েকটি দিক থাকতে পারে। হতে পারে রাশিয়া উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আবার হতে পারে মহাকাশ গবেষণায় তারা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে গার্ডিয়ান জানাচ্ছে, সামরিক অস্ত্রবোঝাই জাহাজ পিয়ংইয়ং থেকে মস্কোতে যাচ্ছে এমন দাবি কয়েক দিন ধরেই করে আসছিল হোয়াইট হাউজ। এবার আরও দুই দেশের সঙ্গে যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। গতকাল জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, আমরা নিশ্চিত, উত্তর কোরিয়ার তরফে যা যা অস্ত্রশস্ত্র রাশিয়াকে পাঠানোর কথা ছিল, তার মধ্যে বেশ কয়েকটি সরবরাহ করা হয়েছে। এ অস্ত্রগুলো মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে।
