‘ফুল ফ্যামিলি গরু চোর’

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:৩৮ এএম

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ফুল ফ্যামিলি গরু চোর। কমেডি ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সিমান্ত, অহনা রহমান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামবাসীর হাতে গত বছর এক চোখ হারানো জব্বার এখন তার টাইটেল হয়েছে কানা জব্বার। একসময় গ্রামবাসীর কাছে গরু এক্সপার্ট হিসেবে বিশেষ কদর ছিল তার। কোরবানির ঈদ এলেই তাকে নিয়ে টানাটানি পড়ে যেত। লোকে তাকে হায়ার করে নিয়ে যেত কোরবানির হাটে গরু ভালো চিনত বলে। পরে যেই লোক গরু কিনে আনত সেটাই হাওয়া হয়ে যেত। আর পাওয়া যেত তারই বাড়িতে। গরু চোর হিসেবে তখন থেকেই সে মার্কামারা হয়ে যায়। অতঃপর নিজ স্ত্রী হাসিকে রাতের আঁধারে গরু চিনাতে নিয়ে গেলে একদা কোনো এক অস্ট্রেলিয়ান গরুর লাথিতে বেচারার সামনের পাটির তিন দাঁত পড়ে যায়।

তখন থেকেই তার টাইটেল হয় ফোকলা হাসি। লোকে বলত যেই হাসির হাসিতে মুক্তা ঝরে তাকে দেখলে এখন ইংরেজি ছবির রক্তচোষা ড্রাকুলার মতো লাগে। এই দাঁত নিয়ে দিন রাত জব্বারের সঙ্গে তার লেগেই থাকে। সংসারে দুই দেবর ল্যাংড়া হাসেম আর টুন্ডা কাশেম। সবার এই দশা হয়েছে ওই গরু চুরির কারণে। এলাকায় তারা ট্রেডমার্ক ফুল ফ্যামেলি গরু চোর বলে। জীবনটা যেন তাদের গরুর রচনার মতোই আষ্টেপৃষ্ঠে বাঁধা। বাড়ির ছাদে গরু মার্কা ঢেউটিন, বাড়ির নাম দ্য কাউ হাউজ। এমনকি তারা যে মোবাইল ব্যবহার করে তার রিংটোনও হাম্বা হাম্বা ডাক দেওয়া। প্রত্যেক কোরবানি ঈদের আগের সাত দিন গ্রামবাসী তাদের এক ঘরে করে রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত