একুশে বইমেলায় এসেছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার দ্বিতীয় উপন্যাস ‘তারা’। প্রকাশ করেছে তাম্রলিপি। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।
ভাবনা উপন্যাসটি উৎসর্গ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও লেখক মানস চৌধুরীকে। উৎসর্গ পত্রে লেখেন, “আমার দেখা একজন সুন্দর মনের পুরুষ, যার মস্তিষ্কে বাস করে মানুষ।”
উৎসর্গের প্রসঙ্গটি উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন মানসের স্ত্রী অভিনেত্রী বন্যা মির্জা। ওই ছবিতে ‘তারা’ হাতে পোজ দিয়েছেন মানস, সঙ্গে আছেন ভাবনা।
কিছুদিন আগে উপন্যাস নিয়ে ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী বলেন, “একটি মেয়ের জীবনের গল্প এখানে পাওয়া যাবে। মেয়েটির নাম তারা। আমি বিশ্বাস করি, আমাদের সমাজে তারার মতো অনেক মেয়ে আছে।”
ভাবনার লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। তার লেখা প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশ হয় আগের বইমেলায়। ওই উপন্যাস অবলম্বনে টিভি ফিকশন বানিয়েছেন অনিমেষ আইচ। নাম ভূমিকায় অভিনয় করেন দিলারা জামান ও ভাবনা।
