বাংলাদেশ-ভারতের যৌথ প্রকাশনা উদ্যোগ ‘বইসাঁকো’

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:৪৭ পিএম

প্রথমবারের মতো বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষার লেখকদের বই দুই দেশ থেকে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশের অন্যপ্রকাশ ও ভারতের পশ্চিমবঙ্গের পত্রভারতীর যৌথ উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘বইসাঁকো’।

গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের চার ও ভারতের তিন সাহিত্যিকের বই প্রকাশ হয়। বাংলাদেশে যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হলো সোমবার। ‘বইসাঁকো’র এই প্রবর্তনা অনুষ্ঠানে আনিসুজ্জামানের ‘বিদ্যাসাগর ও অন্যেরা’ বইটি কলকাতায় প্রকাশের বিষয়ে ‘পত্রভারতী’র সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। সমরেশ মজুমদারের ‘কথামালা’ বইটি প্রকাশের চুক্তি স্বাক্ষর করে অন্যপ্রকাশ।

ইতিমধ্যে ‘বইসাঁকো’র উদ্যোগে পশ্চিমবঙ্গের পত্রভারতী থেকে বাংলাদেশের লেখকদের প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে- সৈয়দ মনজুরুল ইসলামের ‘সেরা দশ গল্প’, ফরিদুর রেজা সাগরের ‘এবারো হাফডজন ছোটকাকু’, মারুফুল ইসলামের ‘নির্বাচিত ১০১ কবিতা’ ও মাজহারুল ইসলামের ‘হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত পশ্চিমবঙ্গের লেখকদের বইগুলোর মধ্যে রয়েছে- সমরেশ মজুমদারের ‘কথামালা’, সত্যম রায়চৌধুরীর ‘দুনিয়াদারি’ ও ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের ‘আজও রোমাঞ্চকর : স্বাধীনতার রক্তঝরা গল্প’।

ঢাকায় ‘বইসাঁকো’ প্রবর্তনা উপলক্ষে সোমবার জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে বই সাতটির মোড়ক উন্মোচিত হয়। এই আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ও পশ্চিমবঙ্গের গবেষক অধ্যাপক ইমানুল হক। আরও বক্তব্য রাখেন সৈয়দ মনজুরুল ইসলাম, ফরিদুর রেজা সাগর ও মারুফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং পত্রভারতী’র ব্যবস্থাপনা পরিচালক ত্রিদিব চট্টোপাধ্যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত