দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগ কর্মী রাজীব সরকারের ওর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সহসভাপতি মোস্তাকিম আহমেদ মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর জানান, গত ২৩ মার্চ শাবিপ্রবির বাংলা বিভাগের ছাত্র রাজীব সরকারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। রাজীব ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। কোন্দলের জেরে প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তার শরীরে ৭০টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় শাবি কর্তৃপক্ষের দায়ের করা মামলার আসামি হিসেবে মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।
