জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি ফাতেমা ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত তোফায়েল ইসলাম তোফার স্ত্রী রুবি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শোকপ্রকাশ করেছেন। আমেরিকায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘রুবি ফাতেমার মৃত্যুতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ এ ছাড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান প্রমুখ তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
