ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মৃত দেখিয়ে সম্পত্তি-অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৮ মে ২০১৯, ০৪:২৯ এএম

সীতাকুন্ডের সলিমপুরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ও স্বাক্ষর জাল করে এফডিআরের টাকা উত্তোলন ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে প্রথম স্ত্রী ও আগের ঘরের সন্তানদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধা মো. সানাউল্লাহ। গতকাল মঙ্গলবার দুপুরে সীতাকুন্ড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা সানাউল্লাহ জানান, ১৯৯৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী থাকাকালে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ২.৫ শতক জায়গার পাশে আরও ২.৫ শতক জায়গা কিনে মোট ৫ শতক জায়গার ওপর চারতলার ঘর তৈরি করেন তিনি। আট ফ্ল্যাটের ঘরের এক ফ্ল্যাটে তার আগের স্ত্রী ও সন্তানরা থাকত বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া ছিল। তিনি দেশে ফেরার পর দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরে উঠতে চাইলে আগের ঘরের সন্তানরা মেরে তাড়িয়ে দেয়। এই অবস্থায় এফডিআরের ১০ লাখ টাকা তুলতে গেলে সেখানে দেখতে পান স্বাক্ষর জাল করে প্রথম স্ত্রী সব টাকা তুলে ফেলেছে। তিনি খোঁজ নিয়ে আরও জানতে পারেন তার বিদেশ থাকাকালে তাকে মৃত দেখিয়ে মালিক সেজে বাড়ি বন্ধক রেখে চট্টগ্রামের ওয়ান ব্যাংকের বড়পুল শাখা থেকে ১ কোটি ২০ লাখ টাকা ঋণ নেয় প্রথম পক্ষের সন্তানেরা। অসহায় হয়ে তিনি সীতাকু-ের এএসপি শম্পা রানী সাহার দ্বারস্থ হলে এএসপি তাদের অস্থায়ীভাবে বিল্ডিংয়ের এক ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেন ও জায়গা সম্পত্তির বিষয় আইনিভাবে মোকাবিলার পরামর্শ দেন। কিন্তু ফ্ল্যাটে ওঠার পর থেকে ফ্ল্যাটের পানি বন্ধ করে দেওয়া ছাড়াও তাকে মেরে লাশ গুম করা, পুলিশের আইজিপিকে দিয়ে ঘর থেকে বের করে দেওয়া ও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সানাউল্লাহ সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ২য় স্ত্রী তাসলিমা আক্তার, ছেলে সামাদ ও মেয়ে সালমা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত