বিশ্ব চিত্রকলার ইতিহাসে অনন্য এক নাম মেক্সিকোর ফ্রিদা কাহলো। আত্ম-প্রকৃতি ও পরাবাস্তব ঘরানার ছবির জন্য বিখ্যাত এ শিল্পীর জীবন-যাপনও ছিল আলোচিত। মৃত্যুর ছয় দশকের বেশি সময় পরও তাকে নিয়ে চর্চা হয়, লেখা হয় নিয়মিত।
বছর দু-এক আগে ইনস্টাগ্রামে প্রকাশ হতেই ফ্রিদার একটি ছবি ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দুই নারীর সঙ্গে শিল্পীকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়।
জানা যায়, ওই দুই নারী হলেন লেখিকা নয়নতারা সেহগল ও রিটা ধর। তারা বিজয়লক্ষ্মী পণ্ডিতের মেয়ে। যিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রথম রাষ্ট্রদূত। পরে একই দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও জাতিসংঘে। বিজয়লক্ষ্মীর অন্য পরিচয় হলো রাজনীতিবিদ জওহরলাল নেহরুর বোন। এই পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে।
ফ্রিদার সঙ্গে ছবি প্রসঙ্গে নয়নতারা দুই বছর আগে এক সাংবাদিককে জানান, ১৯৪৭ সালে ছবিটি তোলা। তখন তিনি সবে ওয়েলসলি কলেজ থেকে স্নাতক করেছেন। মেক্সিকো ভ্রমণকালে ফ্রিদার সঙ্গে দেখা করেন। আর ঐতিহাসিক ছবিটি তখনই তোলা।
ওই সময় ফ্রিদা বসবাস করছিলেন লা কাসা আজুলের শৈশবের বাড়িতে। ভয়ংকরভাবে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। শারীরিক সমস্যা কারণে কাঁচুলি জাতীয় পোশাক পরতেন।
নয়নতারা জানান, তাদের কাছ থেকে শাড়ি উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন ফ্রিদা কাহলো।
ওই ঘটনার ছয় বছর পর ফ্রিদা মারা যান। বয়স হয়েছিল মাত্র ৪৭।
