লুভর পিরামিড-খ্যাত আই এম পেই মারা গেছেন

আপডেট : ১৭ মে ২০১৯, ০৩:০৭ পিএম

‘দা ভিঞ্চি কোড’ উপন্যাসটি যারা পড়েছেন বা সিনেমা দেখেছেন, তাদের অনেকেই প্যারিসের লা লুভর পিরামিডকে রহস্যময় স্থাপনা হিসেবে ভাবেন।

বাস্তবেও খানিকটা বিতর্কিত এই পিরামিড। সম্প্রতি এর স্রষ্টা আই এম পেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

পেই-এর উল্লেখযোগ্য কীর্তির মধ্যে আরও রয়েছে হংকং-এর ল্যান্ডমার্ক ব্যাংক অব চায়না।

এই স্থাপত্য ব্যক্তিত্বের মৃত্যু হয় বৃহস্পতিবার ভোরে। এ খবর নিশ্চিত করেছে তার ছেলের আর্কিটেকচার ফার্ম।

স্থাপত্যের ক্ষেত্রে আধুনিকতার সঙ্গে ইতিহাসের এক অনবদ্য মিলন ঘটাতে সফল হয়েছিলেন এই কিংবদন্তি।

২০০৮ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেই বলেন, “আমি জানি, সময় বদলেছে। মানুষের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। কিন্তু আমি শুরুর দিনটা ভুলে যেতে চাই না। কোনো স্থাপত্যকে দীর্ঘজীবন দিতে হলে তার শিকড় শক্ত হওয়া প্রয়োজন।”

নিজ কাজের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১৯৮৩ সালে আর্কিটেকচারের নোবেল-খ্যাত প্রিজকার প্রাইজ পান পেই। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে করা প্রায় ৫০টি ডিজাইনের অর্ধেক পেয়েছে পুরস্কার।

১৯১৭ সালে চীনে জন্মগ্রহণ করেন আই এম পেই। ১৭ বছর বয়সে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে আসেন। ১৯৪০ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত