রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলীতে একটি পরিত্যক্ত পুরনো ভবন ধসে জাহিদুল ইসলাম বেপারি (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা গেলেও এ ঘটনায় তার ছেলে শফিকুল ইসলাম (১৮) নিখোঁজ রয়েছেন।
গতকাল বুধবার দুপুরে পাটুয়াটুলীর ৬ নম্বর লেনে একটি পরিত্যক্ত পুরনো ভবন ধসে পড়ে। সে সময় ভবনে অবস্থান করা জাহিদুল ইসলাম বেপারি ও তার ছেলে শফিকুল ইসলাম ভেতরে আটকা পড়েন। পরে সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জাহিদুল ইসলামের লাশ উদ্ধার করেন। ছেলে শফিকের লাশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কোতোয়ালি থানার ওসি শাহেদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, পাটুয়াটুলীর ৬ নম্বর লেনে দোতলা একটি ভবনের ছাদ গতকাল দুপুর দেড়টার দিকে ধসে পড়ে। ভবনটি পরিত্যক্ত এবং সেখানে কোনো লোকজন থাকত না। ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী জানান, তাদের ৫টি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছে।
স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেন জানান, শত বছরের পুরনো এ ভবনটি পরিত্যক্ত। তবে সামনের ফুটপাতের ফলের দোকানদারসহ কয়েকজন হকার সেখানে থাকতেন। ধসে পড়ার সময় জাহিদুল বেপারি ও তার ছেলে শফিকুল ইসলাম ওই ভবনে ছিলেন। বাবা-ছেলে দুজনই ফুটপাতে কলা বিক্রি করতেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরে।
