যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে প্রিয়া সাহার করা অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নামে তিনটি সংগঠন । এ সময় তারা তদন্তের মাধ্যমে প্রিয়া সাহার সঙ্গে প্ররোচনাকারীদেরও বিচারের দাবি জানান।
গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠন তিনটি। লিখিত বক্তব্যে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেন, প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত হেনেছে। দেশের সব মানুষ তার এ অপকর্মে ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। প্রিয়া সাহার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্ররোচনাকারী গোষ্ঠী-ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
