হংকংয়ের অদূরে চীনের সৈন্য সমাবেশ

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৩:৫০ পিএম

হংকংয়ের অদূরে চীনা শহর শেনঝেনে সামরিক প্রস্তুতি নিচ্ছে চীনের সেনাবাহিনী। ইতিমধ্যে সেখানে কুচকাওয়াজ শুরু করেছে তারা।

বার্তা সংস্থা এএফপি জানায়, শেনঝেনের একটি স্টেডিয়ামে লাল পতাকা উড়িয়ে কুচকাওয়াজ করতে দেখা গেছে চীনা সেনাদের। স্টেডিয়ামের ভেতরে দেখা গেছে সামরিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের ব্যাপক প্রস্তুতি।

সংযত হয়ে অশান্ত হংকংয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেইজিংকে সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। এরপরে সেনা মোতায়েনের এমন সিদ্ধান্ত নিল চীনা সরকার।

বৃহস্পতিবার স্টেডিয়ামে ভেতরে সৈন্যদের দৌড়তে এবং মোটরবাইক চালানো সহ নানা কসরত করতে দেখা যায়।  স্টেডিয়ামের বাইরেও কয়েক ডজন ট্রাক এবং যুদ্ধসরঞ্জাম যান দাঁড়িয়ে দেখতে দেখা গেছে।

মাস দুয়েক আগে মূল চীনা ভূখণ্ডে বন্দী প্রত্যর্পণ সম্পর্কিত প্রস্তাবিত একটি আইনকে কেন্দ্র করে যে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় হংকংয়ে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করতে গেলে তা সহিংসতার দিকে গড়ায়।

বিবিসি জানায়, পুলিশ এবং বিক্ষোভকারী - দু পক্ষই দিনকে দিন মারমুখী হয়ে উঠছে। রোববার হংকংয়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে।

পুলিশ সেসময় রাবার বুলেট ছুড়েছে। অন্যদিকে শহরের কেন্দ্রে ওয়ান চাই এলাকায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল এবং পেট্রোল বোমা ছুড়ে।

এদিকে সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী টানা পাঁচ দিন ধরে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের মূল টার্মিনাল নিয়ন্ত্রণ নিয়ে নিলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ শিরোনাম হয়ে উঠে হংকং ইস্যু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত