রাজশাহীর বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৬৫০ ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার সচেতনতামূলক প্রোগ্রাম ‘ক্যারিয়ার মিট’ আপ। গতকাল শুক্রবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। স্কুল অব ইঞ্জিনিয়ার্সের আয়োজনে কো-ফাউন্ডার আলামিন ফরাজির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি, পাওয়ার সেলের ডেপুটি ডিরেক্টর সলিমুল্লাহ খান বেলাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দেশ রূপান্তর ও চ্যানেল আই। বিশেষ অতিথির বক্তব্যে উম্মুল ওয়ারা সুইটি বলেন, ‘তরুণ প্রকৌশলীদের জন্য ‘ক্যারিয়ার মিট’ আপের মতো আয়োজন খুবই জরুরি। এ রকম আয়োজনে তরুণরা তাদের ক্যারিয়ার নিয়ে নতুন স্বপ্ন দেখতে পারে এবং ক্যারিয়ার নিয়ে ভাবতে পারে, বরাবরের মতো দেশ রূপান্তর তরুণদের পাশে এ রকম আয়োজনে থাকবে।’
শাহ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান বশির আহমেদ, রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ওমর ফারুক।
