ছয়টি গান ও একটি আবৃত্তি নিয়ে ‘অচিনপুরের গান’ শিরোনামে ভিন্ন আঙ্গিকের অ্যালবাম প্রকাশ হলো।
গানগুলো গেয়েছেন পার্থ বড়ুয়া, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, লাবিব কামাল ও ফোক ব্যান্ডদল ‘গানকবি’। সঙ্গে একটি কবিতা আবৃত্তি করেছেন অভিনয়শিল্পী ত্রপা মজুমদার।
বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে বুধবার সন্ধ্যায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন নন্দিত সংগীত শিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, গীতিকার সাবরিনা সুলতানা চৌধুরী, শেখ রানাসহ অনেকে। আরও উপস্থিত ছিলেন একেএম মোস্তাফিজুর রহমান, অভিনেত্রী তানিয়া হোসাইন, জয় শাহরিয়ার প্রমুখ।
সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানের শুরুতেই শোনানো হয় অ্যালবামটিতে স্থান পাওয়া কবিতা ‘মানুষটারে বড় ভালোবাসতাম গো’। সাবরিনা সুলতানার লেখা কবিতাটিতে কণ্ঠ দিয়েছেন ত্রপা মজুমদার।
এরপর সঞ্চালক সাহস মুস্তাফিজ মঞ্চে ডাকেন গীতিকার শেখ রানাকে। তিনি বলেন, “এই অ্যালবামে মোট সাতটি ট্র্যাক রয়েছে। এটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য থেকে তৈরি করা হয়নি। বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান থেকেও অ্যালবামটি প্রকাশ করা হচ্ছে না। অস্থির এ সময়ে শ্রোতাদের সুন্দর গান উপহার দেওয়াই এ অ্যালবামের উদ্দেশ্য।”
এরপর মঞ্চে আসেন অপর গীতিকার সাবরিনা সুলতানা। তিনি বলেন, “বেশ লম্বা সময় ধরে হৃদয়ের ভেতরের জমা অনুভূতিগুলো কালির আঁচড়ে একটা ছন্দে সাজানো হয়েছে। সেই গানে বাঁধা পড়েছে সুর। অচিনপুরের গান সেই শুদ্ধ অনুভূতিরই ফসল।”
‘অচিনপুরের গান’ অ্যালবামে স্থান পাওয়া শেখ রানার তিন গানই নাগরিক ভাবনা থেকে লেখা। অন্যদিকে লোক আঙ্গিকের তিনটি গান লিখেছেন সাবরিনা সুলতানা চৌধুরী, ‘মানুষটারে বড় ভালোবাসতাম গো’ শিরোনামের কবিতাটিও তার।
ইউটিউবে অচিনপুর নামের চ্যানেল থেকে অ্যালবামের সবগুলো ট্র্যাক শোনা যাবে। এর মধ্যে দুটি গানের ভিডিও হয়েছে। ধারাবাহিকভাবে বাকি গানগুলো নিয়েও ভিডিও নির্মাণ করা হবে।
