রামপুরার বাসায় মেকাপ আর্টিস্টের লাশ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০৩:০২ এএম

মাই টিভির সাবেক মেকাপ আর্টিস্ট রাজিব চৌধুরীর (৩৭) লাশ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিম রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশের একটি দল। এফডিসিতে মেকাপ আর্টিস্ট হিসেবে কাজ করতেন রাজিব। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

হাতিরঝিল থানার এসআই মো. মনিরুজ্জামন দেশ রূপান্তরকে জানান, রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম রামপুরা মুক্কি মসজিদ গলির ৪২২ নম্বর বাসার নিচতলা থেকে রাজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাজিবের মৃত্যুর কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘উদ্ধারের সময় মরদেহের কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

ভাতিজা শুভ চৌধুরী দেশ রূপান্তরকে জানান, রাজিবের স্ত্রীর নাম রুমা আক্তার। দাম্পত্য কলহের কারণে দুই মাস ধরে একমাত্র মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ি মুন্সীগঞ্জ থাকছেন। রামপুরার ওই বাসাতে বর্তমানে একাই থাকতেন রাজিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত