লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদ বলেছেন, দেশে মানুষের কথা বলার অধিকার নেই। সত্য বললেই গুম-খুনের হুমকি আসে। দেশে এখন প্রকাশ্যে লুটপাট চলছে, গুম খুনের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। গতকাল শনিবার খালেদা জিয়ার মুক্তি দাবি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এলডিপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ খালেদা জিয়াকে ভয় পায়। সে কারণে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে নিরপরাধ খালেদা জিয়া মাসের পর মাস কারাগারে মৃত্যুর সঙ্গে লড়ছেন। খালেদা জিয়ার একমাত্র অপরাধ তিনি আপসহীন ও গণতন্ত্রকামী। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।’
অনুষ্ঠানে নেতাদের বক্তব্যের বিরতিতে কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ছেড়ে আরেকটি এলডিপি গঠনের অন্যতম নেতা সাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে সেøাগান দেন নেতাকর্মীরা। সেøাগানে বলা হয়, ‘অলির সৈনিক এক হও লড়াই করো, সেলিমের চামড়া তুলে নেব আমরা।’
