সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) প্রধান মো. মনিরুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে তরুণরাই উগ্রবাদের দিকে বেশি ঝোঁকে; কারণ তারাই কোনো পরিবর্তন আনে। সুতরাং তরুণদের মধ্যে যদি মুক্তচিন্তা ও বুদ্ধিচর্চা করা যায় তাহলেই একটি সমাধান আসতে পারে। গতকাল বৃহস্পতিবার উগ্রবাদবিরোধী শিক্ষার্থী সংলাপ-২০১৯ ও সহিংসতাবিরোধী জাতীয় আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও সিটিটিসি। ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে এতে দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেন। ঢাকার বাইরের ২০টিসহ দেশের বিভিন্ন স্থানের সেরা ৬০টি কলেজের দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
