মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার। দীর্ঘ এ পথের যাতায়াতে উচ্চগতি সম্পন্ন হারামাইন হাইস্পিড রেলপথ স্থাপন করা হয়েছে বছর খানেক আগে। এ ট্রেনের গতি আর ৩০০ কিলোমিটার বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। নতুন প্রকল্প অনুযায়ী মক্কা-মদিনার যাতায়াতে রেলপথে সময় লাগবে এক ঘণ্টার একটু বেশি। অল্প সময়ের এ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত গতির ট্রেনলাইন স্থাপনের নতুন প্রকল্প নিয়ে আসছে সৌদি সরকার। প্রভাবশালী সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
নতুন প্রকল্পের ট্রেনের গতি হবে প্রায় ৪০০ থেকে ৪৫০ কিলোমিটার। এ প্রকল্প বাস্তবায়ন হলে দুই পবিত্র নগরীতে যাতায়াতে সময় লাগবে মাত্র এক থেকে দেড় ঘণ্টা। ফলে জেদ্দা ও মদিনার কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কা-মদিনার মধ্যে দ্রুত সময়ে ভ্রমণ করা সম্ভব হবে। সবগুলো স্টেশনেই ভ্রমণকারীদের জন্য বিজনেস ক্লাসের লাউঞ্জ, গণপরিবহন ব্যবস্থা, হেলিকপ্টার ল্যান্ডিং স্টেশন, পর্যাপ্ত পার্কিং সুবিধা, সিভিল ডিফেন্স স্টেশন, মসজিদ ও আন্তর্জাতিক মানের শপিংমলসহ প্রয়োজন পূরণে সার্বিক ব্যবস্থা থাকবে।
উচ্চগতির এ রেল যোগাযোগ ব্যবস্থায় হজ, ওমরা ও দর্শনার্থীরা সহজেই যাতায়াত করতে পারবেন।