এক যুগ পর আবারও পথ চলছে একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক ও সাংবাদিক খান মুহাম্মদ মঈনুদ্দীন প্রতিষ্ঠিত আল-হামরা প্রকাশনী। ১৯৪৮ সালে পুরোনো ঢাকার বাংলাবাজারে তিনি প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
আল-হামরা প্রকাশনীর বর্তমান স্বত্বাধিকারী কবির নাতি খান মুহাম্মদ মুরসালীন। তিনিই নিয়েছেন নতুন উদ্যোগ।
মুরসালীন বলেন, “১৯২৩ সালে দাদাজান ‘মুসলিম জগৎ’ পত্রিকার সম্পাদক হন৷ ‘বিদ্রোহী’ শীর্ষক সম্পাদকীয় লিখেছিলেন বলে ইংরেজরা তাকে হুগলি জেলের এগারো নম্বর সেলে বন্দী করে রাখে। তখন সেই একই সেলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও বন্দী ছিলেন। নানান বুদ্ধিবৃত্তিক আলোচনার একপর্যায়ে দাদাজান একটি প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করেছিলেন। পরবর্তীতে ১৯৪৮ সালে তিনি কলকাতা থেকে বাংলাদেশে চলে আসার পর বাংলাবাজারে আল-হামরা লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।”
এই প্রকাশনীর নামটিও দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম।
মুরসালীন আরও বলেন, “১৯৮১ সালে দাদাজানের ইন্তেকালের পর আমার বাবা কবি খান মুহাম্মদ শিহাব প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু ২০০৮ সালে তিনি ব্রেইন স্ট্রোক করায় সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। এবারের বইমেলাকে সামনে রেখে ‘আল-হামরা প্রকাশনী’ নামে নতুন আঙ্গিকে আবারও সকল কার্যক্রম শুরু করেছি।”
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির নতুন পথ চলায় সবার দোয়া ও সহযোগিতা চান খান মুহাম্মদ মুরসালীন।
তিনি বলেন, “আমরা বাংলাদেশ ও পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি ও বাঙালিদের দোয়াপ্রার্থী।”
