এবারের অমর একুশে বইমেলায় আসছে হাসান রোবায়েতের নতুন কাব্যগ্রন্থ ‘মাধুডাঙাতীরে’। বইটি প্রকাশ করছে ঐতিহ্য। প্রচ্ছদ রাজীব দত্ত।
এটি হাসান রোবায়েতের ৫ম কাব্যগ্রন্থ। এতে মোট ৩৭টা কবিতা আছে। প্রত্যেকটা কবিতা ১৬ লাইন করে, অন্ত্যমিলসহ।
পাণ্ডুলিপি প্রসঙ্গে হাসান রোবায়েত ফেসবুক পোস্টে লিখেন, “২০১৬ সালে এপ্রিলের কোনো এক সকালে হঠাৎ করে মনে হলো ‘গতকাল কিছুই লেখা হয়নি’। এই ফাঁকা বোধ থেকে আমার কাছে আসতে লাগল কয়েকটা লাইন।
এখনও শোনো নি কিছু, তবু
তোমাকেই বলি কানে কানে
আমার সারস ছিল ফাঁকা
উড়ছে হাওয়ার সন্ধানে—
এভাবে ধীরে ধীরে কবিতা ১৬ লাইনে গিয়ে শেষ হলো। আরও ৩টা কবিতা এমন করে লিখে একসঙ্গে ফেসবুকে পোস্ট দিলাম। এরপর এমন ৫টা কবিতাসহ ‘হাসান রোবায়েতের ৫টি সনেট’ শিরোনামে কবিতাগুলো ছাপা হলো পরস্পরে। তখন কবিতাগুলোর নাম ছিল ‘মুখ’। পরে, পাণ্ডুলিপির নাম দিই ‘মাধুডাঙাতীরে’।
ছাপা হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রচুর পাঠকের প্রতিক্রিয়া পেতে শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেইল করেছিলেন। প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল লেখাগুলো আদতেই সনেট কি না! পক্ষে বিপক্ষে কত মত-অমত! সেই ২০১৬ সাল থেকে ১৭ সালের মধ্যে লেখাগুলো শেষ করি।”
হাসান রোবায়েতের জন্ম বগুড়ায়। কর্মসূত্রে থাকেন ঢাকায়। তার আগের প্রকাশিত বই- ঘুমন্ত মার্কারি ফুলে (২০১৬), মীনগন্ধের তারা (২০১৮), আনোখা নদী (২০১৮, কলকাতা), এমন ঘনঘোর ফ্যাসিবাদে (২০১৮)।
(ছবি: রুহুল মাহফুজ জয়)
