হাঁটি হাঁটি পা-পা করে চার বছরে পা রাখল প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা। মানসম্পন্ন ও রুচিশীল প্রকাশনার প্রতিশ্রুতি নিয়ে আসা প্রতিষ্ঠানটি এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশ করেছে ২৫টি বই। আরও কয়েকটি রয়েছে প্রকাশের শেষ পর্যায়ে।
প্রকাশিত উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা আক্তার টিনার গবেষণাগ্রন্থ ‘রবীন্দ্রনাথের স্বদেশ সঙ্গীত’, ড. জয়নাল খানের গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশের কবিতা’, ড. হাসান অরিন্দমের গল্পগ্রন্থ ‘গোরখোদক ও অন্য জ্যোৎস্না’, মোস্তফা সোহেলের দুই উপন্যাস ‘সুন্দর তুমি এসেছিলে’ ও ’চোখের আলোয় দেখেছিলাম’ এবং কবিতাগ্রন্থ ‘শহরে রটে গেছে আমাদের প্রেমের কথা’।
তালিকায় আরও আছে সাংবাদিক-বিজ্ঞান লেখক জাহাঙ্গীর সুরের ‘আধো চাঁদ’, ওয়াদুদ খানের উপন্যাস ‘কবি’ ও গল্পগ্রন্থ ‘কিছু কথা কিছু ব্যথা’, আবুল কালাম আজাদ স্বপনের উপন্যাস ‘জীবন এমনই’, সাংবাদিক নাট্যকার রিহাব মাহমুদের উপন্যাস ‘মনের টান’, লিটলম্যাগ সম্পাদক ও লেখক চন্দন আনোয়ারের গল্পগ্রন্থ ‘পোড়োবাড়ি ও মৃত্যুচিহ্নিত কণ্ঠস্বর’, ডা. সাদেকুল ইসলাম তালুকদারের স্মৃতিকথার বই ‘বর্ণিল অতীত’, কাজী হালিমা আফরিনের উপন্যাস ‘বেদনার সাত রং’ এবং ফারজানা পরীর প্রথম কাব্যগ্রন্থ ‘দুঃখ নদীর গাঙচিল’।
এসেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী সাদিক হাসান ইমনের প্রথম গল্পগ্রন্থ ‘গদ্য কথক’, তৃপ্তি হাসনাতের কিশোর থ্রিলার ‘খাচিকুহু ও সুমী’। শেষ পর্যায়ে রয়েছে সাংবাদিক-লেখক মনোজ দে’র কথাসাহিত্যিক শওকত আলীর সাক্ষাৎকারমূলক গ্রন্থ ‘প্রাকৃতজনের বসতে শওকত আলীর সঙ্গে আলাপন’।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলানামার স্টল ১২৪। এ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান অংশে লিটলম্যাগ কর্নারে বাংলানামার স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।
