বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে ভার্চুয়াল সভা

কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠনে তাগিদ তারেকের

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৬:৫৫ এএম

কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের তাগিদ দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন। গতকাল রাতে বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য।

স্থায়ী কমিটির সদস্যরা বলেন, কোরবানির ঈদের পর দলের পুনর্গঠনের কাজ শুরু হবে। কীভাবে দলকে শক্তিশালী করা যায় তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামত জানতে চেয়েছেন। সদস্যরা তাদের মতামত দিয়েছেন। বেশির ভাগ সদস্য কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের বিষয়ে মতামত দিয়েছেন। যেখানে কাউন্সিল করা সম্ভব হবে না, সেখানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের কথা বলেছেন। তারেক রহমান এতে সম্মতি দিয়েছেন।

তারা বলেন, এ ছাড়া করোনা ও বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখার জন্য সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি।

বিকেল সোয়া ৫টার দিকে ভার্চুয়ালি এ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ৮টায়। লন্ডন থেকে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে অন্যদের মধ্যে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত