দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, জাতির পিতা বরাবরই দুর্নীতির বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ করেছেন। তার অনেক ভাষণে উঠে এসেছে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দৃপ্ত শপথ। তাই আসুন, আমরা দৃঢ়ভাবে শপথ নিই, আমরা নিজেরা দুর্নীতিমুক্ত থেকে দুর্নীতি দমনে আমাদের আইনি দায়িত্ব নির্মোহভাবে পালন করব। তাহলেই জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে। তিনি গতকাল শনিবার দুদকের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন। শুরুতেই তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ইকবাল মাহমুদ বলেন, ১৫ আগস্ট জাতির ললাটে কলঙ্কের তিলক এঁকে দিয়েছে খুনিরা। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই কলঙ্কের তিলক বয়ে বেড়াতে হবে। এই জঘন্য হত্যাকা-ের প্রতিবাদ করে আমি বা আমরা রাজপথে নামিনি, এটাই আমাদের লজ্জা। খুনিদের বিচার করে সেই লজ্জার আংশিক মোচন হতে পারে, কিন্তু পরিপূর্ণ মোচন কখনই হতে পারে না। তিনি আরও বলেন, অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা প্রথম থেকেই সমালোচনাকে সাধুবাদ জানাই। আমরা সমালোচনা থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনা করে আত্মশুদ্ধির পথে এগোতে চাই।
দুদকের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. জহির রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ, মো. রেজানুর রহমান, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দুদক মহাপরিচালক (লিগ্যাল) মো. মফিজুর রহমান ভুঞা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাপরিচালক সাঈদ মাহবুব খান, এ কে এম সোহেল, মো. জাকির হোসেনসহ অন্য কর্মকর্তারা।
