আরো উন্নতিতে চোখ তাসকিনের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৮ পিএম

অনেক দিন ধরেই জাতীয় দলে নেই তাসকিন আহমেদ। নির্দিষ্ট করে বললে ২০১৮ সালের মার্চের পর আর জাতীয় দলের জার্সিতে খেলা হয়নি তার। মাঝে ইনজুরি ভুগিয়েছে। বিশ্বকাপ খেলার স্বপ্নও বিসর্জন দিতে হয় তাতে। তবে নিজেকে শাণিত করে জাতীয় দলে হারানো জায়গা ফিরে পেতে লড়ছেন ডানহাতি পেসার।

আগের চেয়ে নিজের উন্নতিটা এখন উপলব্ধি করতে পারছেন তাসকিন। তবে ২৫ বছর বয়সী পেসার এখানেই থামতে চান না। বিশ্বমানের হতে চালিয়ে যেতে চান পরিশ্রম।

তাসকিন ২০১৮ সালের মার্চে খেলেছেন শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডে ও টেস্ট সবশেষ খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে, দক্ষিণ আফ্রিকা সফরে। এরপর পারফরম্যান্স ও ইনজুরির কারণে দীর্ঘ বিরতি।

এ বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাননি। শ্রীলঙ্কা সিরিজের জন্য স্কিল ক্যাম্পের অন্যতম এই সদস্য মূল স্কোয়াডে জায়গা পেতে সংগ্রাম করে যাচ্ছেন।

মঙ্গলবার মিরপুরে অনুশীলনের ফাঁকে বলছিলেন, ‘আগের থেকে ভালো ছন্দ এসেছে। ভালোও লাগছে। পেস, সিম পজিশন, এসব নিয়ে কাজ করছি কোচদের সঙ্গে। আগের থেকে উন্নতি হয়েছে। আল্লাহ যদি সুস্থ রাখেন, আগের চেয়ে আরো উন্নতি হবে। নিশানা, গতি, সিম পজিশন, এসব আরো ভালো হবে।’

করোনাকালে ঘরবন্দী সময়টায় ফিটনেস নিয়ে বেশ কাজ করেছেন তাসকিন। ফলও পেয়েছেন। তবে আরো উন্নতিতে চোখ তার, ‘ফিটনেসে আগের চেয়ে উন্নতি হয়েছে। তবে উন্নতির তো শেষ নেই। বিশ্বমানের হতে হলে, আরো ধারাবাহিক হতে হলে কঠোর পরিশ্রম সব সময় করে যেতে হবে। আসলে এখনই শেষ নয়। সামনে আরো ভালো কিছু হবে, আশা করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত