গল্পের ফাঁদে ‘লাবিবের বিভ্রম’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৮ পিএম

করোনাকালীন লকডাউনে প্রথম চল্লিশ দিন একেবারে ঘরবন্দী। দিনগুলো কেটেছে সিনেমা দেখে আর বই পড়ে। হঠাৎ খেয়াল করলাম; আমার বুক শেলফের সব বই পড়া শেষ। এমন বই সংকটময় পরিস্থিতিতে হাতে পেলাম সাফায়েতুল ইসলাম এর প্রথম প্রকাশিত গল্পগুচ্ছ ‘লাবিবের বিভ্রম’।

বইটি প্রকাশিত হয়েছে গতিধারা প্রকাশনী থেকে। তখন করোনা মহামারি সময়, তাই খুব আগ্রহ নিয়ে পড়তে বসলাম। কামরুননাহার তানজীল এর আঁকা প্রচ্ছদ উল্টিয়ে উৎসর্গ পড়ে বেশ চমকিত হলাম। ১২০ পৃষ্ঠার বইটিতে তেরোটি ছোটগল্প রয়েছে, এর মধ্যে একটি গল্পের নাম ‘করোনা’! আমি এক টানে গল্পটি পড়ে শেষ করলাম। পড়া শেষে যা বুঝলাম- করোনা মহামারির অভিজ্ঞতা নিয়ে গল্পটি লেখা হয়েছে। চলমান কভিড-১৯ নিয়ে বইয়ে ছাপা প্রথম গল্প পেয়েছি, এই ব্যাপারটি আমাকে ভীষণভাবে মোহিত করেছে।

একটি ইন্টারেস্টিং ক্যারেক্টারের বর্ণনা দিয়ে শুরু হয় প্রথম গল্প ‘কান’। থ্রিলার ধাঁচের গল্পটির শেষ অংশটুকু পড়ার আগ পর্যন্ত বোঝা যায় না, ঠিক কী ঘটতে চলেছে! আর যখনই গল্প শেষ হবে তখন পাঠক বড়সড় ধাক্কা খাবে। তবে এই ধাক্কা সামলিয়ে নিবে দ্বিতীয় গল্প ‘গন্ধ’। গল্পটির আগাগোড়ায় মাখোমাখো প্রেমে ঠাসা, পড়তে গিয়ে যে কারো বয়স কমে যাবে, কেউ আবার হয়ে পড়বে সুইট সিক্সটিন। অজান্তেই নারী পাঠকের মন বলে উঠবে,‘Say goodbye to dolls and toys. Say hello to makeup and boys!’ পুরুষদের মন বলবে, ‘Open your heart, I’m coming home.’

 এ ছাড়া বইয়ে কয়েকটি জটিল চরিত্র রয়েছে, যেগুলো  মুহূর্তে মুহূর্তে পাঠককে মনস্তাত্ত্বিকভাবে নাড়িয়ে দেবে। বিশেষ করে ‘নির্বাণ’ গল্পের কথা বলা যায়। এই গল্পে মারজুক নিজেই যেন একটি আস্ত খোলা বই। চরিত্রটি বলছে ‘আমাকে পড়, আমিই তোমাকে সব বললো।’ আবার এমন কিছু চরিত্র আছে যেগুলো পাঠকদের নিয়ে যাবে দেশ ভ্রমণে, শহর থেকে মফস্বল তারপর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। উদাহরণ হিসেবে ‘ঘর পালানো’ গল্পটির নাম নেওয়া যায়। এই গল্পে অয়ন অভিমান করে ঘর ছেড়ে পালায়। ছেলেটি দিকভ্রান্তের মতো পথ হারিয়ে নিজেকে সম্পূর্ণ ভিন্নভাবে আবিষ্কার করে। এদিকে গল্পের ভেতর তৈরি হতে থাকে কয়েকটি অণুগল্প।

বইয়ের সর্বশেষ গল্প ‘লাবিবের বিভ্রম’। গল্পের নামে যেমন বিভ্রম রয়েছে, গল্পটি পড়ার সময়ও পাঠকের বারবার বিভ্রম তৈরি হবে।  চোখের সামনে ভেসে উঠবে অস্পষ্ট জেনিফার লরেন্স।

‘লাবিবের বিভ্রম’ সাফায়েতুল ইসলাম এর প্রথম প্রকাশিত বই। সে কারণে তাকে নিয়ে নির্দিষ্ট কিছু বলা বোধ হয় ঠিক হবে না। তারপরেও লেখক হিসেবে তার উল্লেখযোগ্য দিক নিয়ে কিছু কথা বলা যেতে পারে; তা হলো, প্রতিটি গল্পে নানা ভাবে উঁকি দিয়েছে মানুষের জীবনের গড়পড়তার চিত্র । লেখকের যাপিত জীবনে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা উপাদান আহরণ করে প্রতিটি গল্প উপস্থাপন করেছে মৌলিকভাবে, যা খুবই সুখপাঠ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত