বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, “বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার রেশ কাটতে না কাটতেই দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য। সব ধরনের উগ্রবাদকে বয়কট করুন। ধর্মের রাজনৈতিক ব্যবহার রুখে দাঁড়ান।”
গত বৃহস্পতিবার রাতের আঁধারে কুষ্টিয়ার কয়ায় সংঘটিত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, “ধর্মান্ধ ও সাম্প্রদায়িক উগ্রগোষ্ঠী বারবার এই দেশের স্বাধীনতা, মুক্তির সংগ্রাম ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্মারক স্থাপনা, ভাস্কর্য এবং সামগ্রিক শিল্পচেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। প্রকাশ্যে ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়ে সমস্ত লড়াই-সংগ্রাম ও চেতনার স্মারক গুঁড়িয়ে দেওয়ার মতাদর্শিক প্রেরণা যুগিয়ে যাচ্ছে উগ্রবাদের ভাবধারায় দীক্ষিত বিভ্রান্ত প্রজন্মকে। তারই ধারাবাহিকতায় আক্রান্ত হয় বঙ্গবন্ধু ও বাঘা যতীনের ভাস্কর্য। ক্ষমতাসীনরা দীর্ঘদিন ধরে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির স্বার্থে নানা পন্থায় লালন-পালন করেছে সাম্প্রদায়িক শক্তিকে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরাজিত মতাদর্শ ও রাজনৈতিক গোষ্ঠী এর সুযোগ নিয়ে নিজেদের শক্তি সংহত করেছে। এমনকি বর্তমান ক্ষমতাসীনরাও সাম্প্রদায়িক শক্তির কাছে বারবার নতজানু নীতি প্রদর্শন করেছে। তারই ফলে সর্বত্র উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার সামাজিকীকরণ। বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যেও মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে ধারণা নেই। ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চিন্তা ও জীবনাচরণের চর্চা নেই। সুযোগ পেলে তারাও হয়ে উঠছে সাম্প্রদায়িক ও ধর্মান্ধ দুর্বৃত্ত। তারাও সচেষ্ট হচ্ছে জাতীয় চেতনার স্মারক ভাঙার মতো ঘৃণ্য কাজে। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় এ চিত্র স্পষ্ট হয়েছে।
উদীচী নেতৃবৃন্দ দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক শক্তিকে কোনো ধরনের ছাড় না দিয়ে এদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলুন। ধর্মীয় সভায় নারী, ভিন্নমত, ভিন্ন সম্প্রদায়, ভিন্ন সংস্কৃতির বিরুদ্ধে যে কোনো বিদ্বেষ সৃষ্টিকারী বক্তাদের প্রতিহত করুন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষায় এখনই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি ঘোষণা করুন।
