জুতসই আষাঢ়ে গল্প এখন আর মনে পড়ে না। অথচ প্রতিদিন কত গল্পের মুখোমুখি হচ্ছি! কত সত্যকে গল্প ভেবে ভুলে যাচ্ছি। কত মিথ্যা সত্য ভেবে কপাল চাপড়াচ্ছি। ফেইসবুকে ফেনা উঠে যাচ্ছে। ইউটিউবে লাখ লাখ ভিউয়ার। সেই দৃশ্যও এক সময় ভুলে যাচ্ছে সবাই।
আসছে নতুন গল্প, নতুন ফেনা, নতুন লাইক। স্পষ্টতই প্রতিনিয়ত মুখোমুখি দুই পক্ষ- লাইক, ডিজলাইক। একে অপরের দিকে আঙুল তুলে সারাক্ষণ বলে যাচ্ছে- তুই আষাঢ়ে, তুই আষাঢ়ে।
পান থেকে চুন কিনলেই ভ্যাট। বছর ঘুরলেই আয়কর, পৌরসভার হোল্ডিং ট্যাক্স। মাস ফুরোলেই পানি, বিদ্যুৎ, গ্যাস কত বিল মাথার মধ্যে কিলবিল করে খোঁচাচ্ছে! উল্টো গ্যাসও এখন শিখে গেছে বিদ্যুতের ছলাকলা।
স্কুলে বাচ্চা রেখে এক ভাবি আরেক ভাবিকে বলছে, আপনাদের বাসায় সব সময় গ্যাস থাকে?
হ্যাঁ, থাকে তো। ও মা! আপনাদের থাকে না?
শুনে হিংসায় অন্যজনের পেট ভর্তি অম্বল।
প্রশ্নের উত্তর দেন না। শুকনো হেসে শুধু বলেন, অ! মনে মনে ভাবেন মিথ্যুক, চাপা মারার আর জায়গা পাও না!
আমাদের সব গল্প এভাবে আষাঢ়ে গল্প হয়ে যায়। বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ আষাঢ়।
তাপস রায়ের এটি দ্বিতীয় রম্য গদ্য গ্রন্থ। প্রকাশক অনার্য। বইটির প্রচ্ছদ এঁকেছেন আজহার ফরহাদ। মূল্য ২৪০ টাকা। ‘এই বেশ আতঙ্কে আছি’ লেখকের প্রথম রম্য গদ্য গ্রন্থ। বইটি ২০১৭ সালে কথাসাহিত্যে কালি ও কলম পুরস্কার পায়।
