প্রকাশিত হয়েছে সায়মনের ‘অচল বনের অনুভূতি’

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০৯:৪৫ পিএম

সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি সায়মন রহমানের কবিতার বই, ‘‘অচল বনের অনুভূতি’। বইটি প্রকাশ করেছে  বোধ প্রকাশনী।  বইটির প্রচ্ছদ করেছেন সারা অরনী। ৬৮ পৃষ্ঠার কবিতার বইটিতে কবিতা আছে ৫৩ টি।  বইটির গায়ের মূল্য ২০০৳।  বোধ প্রকাশনীর ফেসবুক পেইজে ইনবক্স করলে কোনোরকম চার্জ ছাড়াই কুরিয়ার পাঠানো হচ্ছে।

কবি সায়মন রহমান বলেন, ‘১৯৯৯ সাল থেকে কবিতা লিখতে শুরু করি। তখন কবিতার সাথে আমার কোন পরিচয় ঘটেনি। জীবনের ব্যস্ততায় অনেক সময় পরিবর্তন,  অনেক কবির সাথে দেখা, পরিচয় হয়ে ওঠে। লেখারও পরিবর্তন ঘটতে থাকে।  কখনো কাব্যগ্রন্থ প্রকাশিত হবে এটা চিন্তা করতে পারিনি। ধীরে ধীরে কর্মজীবনে পদার্পণ। ২০০৭ সাল থেকে সিনেসিস আইটিতে চাকরিরত হই। তাই তেমন কবি আড্ডা, আলাদা করে কবিতা চর্চা সময় হতো না। অফিস থেকে বাসায় হেঁটে যেতাম কাওরানবাজার টু মিরপুর। এবং সকালে বাসা থেকে অফিস। সকালে বাসে বসে, আর সন্ধ্যায় রাস্তায় হাটতে হাটতে চারপাশের  দৃশ্য থেকে যা পেতাম, তাই অতি সহজ ভাষায় লিখে যেতাম। ২০১৬ থেকে আমার শৈশবকালীন কবি এবং গায়ক বন্ধু আমার পাণ্ডুলিপি করতে বলে। অনেক বলার পর ২০১৯ এ পাণ্ডুলিপিটা করা হয়। তারপর আমি আর কিছু জানি না। হতাশও হইনি। মাথা থেকে ঝেড়ে ফেলি। হঠাৎ ১/৪/২০২১ আমার কাছে প্রকাশকের একটা ফোন আসে, ‘সায়মন ভাই, ৩/৪/২০২১ আপনার বইটি বাজারে আসে।’ এটা আমার প্রথম প্রকাশিত বই। কবিতা গুলো ২০১৯’র আগে লেখা। হুট করেই এভাবে প্রকাশিত, ফোনকল...আমাকে বিদ্যুৎ চমকানো একটা আনন্দ দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই বইয়ের কবিতাগুলো আমার মানুষের নিত্যদিনের সাথে সম্পর্কিত। আমি আমার চারপাশে মানুষের যে অস্থিরতা, অভাববোধ, দুঃখবোধ, ধনী, গরিব প্রত্যকেই যেন কি একটা সুখের পেছনে ছুটতে ছুটতে ক্রমেই অসুখীই হয়ে উঠে। তখন আমি ওই মানুষটাকে উপলব্ধি করার চেষ্টা করতাম। আর একেক পরিস্থিতিতে একটা অনুভূতি কাজ করত। তারই একটা বহিঃপ্রকাশ এই কবিতায়।’

সায়মনকে নিয়ে কবি ও গায়ক মুয়ীয মাহফুজ বলেন, ‘কবি সায়মন যখন কবি হননি, সে সময়ের কথা বলছি, তার সাথে আমার শৈশবানুকূল সমতট পাড়ি দিয়ে অনেকটা সময় বসে ছিলাম সাগরতীরে। কবির সাথে সৌভাগ্যের সেই অবসরে দারুণ সব সামুদ্রিক সন্ধ্যা দেখতে দেখতে একদিন আমরা পরস্পরের দিকে তাকিয়ে দেখি কবি হয়ে গিয়েছি! জলমগ্ন মেঘের মতো কবি সায়মন স্থির থাকে না কোথাও, সব সময়ই তাকে দূরে কে যেন ডাকে ! ভিড় থেকে দূরে থাকতে চেয়েও কবি সায়মন অনতিক্রম্য এক ভিড় লোকালয়ে বারবার যেন নিজেকে খুঁজে পান, তারপর অদৃশ্যবাজির এক ছাতা মেলে  কবি লিখে ফেলেন  দুর্দান্ত সব ছাড়পত্র! তার সকল নিরব বিদ্রোহ প্রাণ ফিরে পায় তার লেখা কবিতার অক্ষরে অক্ষরে !’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত