কবি ফামু খানের জন্ম ৩ আগস্ট ১৯৯৫, চট্টগ্রামে। বর্তমানে ঢাকা নিবাসী। প্রকাশিত কাব্যগ্রন্থ নিষ্কাম সত্যের মানুষ (২০১৮) ও চুপভাষী (২০১৯)
বটবৃক্ষ
তবুও ধ্যান ধরে আগলায়ে থাকে
বাবুই পাখির ক্ষয়া দরজার চোখ,
এ য্যানো বৈশাখী ঝড়ের রাতে
এক চিলতে হ্যারিকেনের আগুন;
কী মায়া!
স্বাদ আহ্লাদে ভরা মায়ার পর মায়া।
একদিকে বলো আমার ভালোবাসায় চলে যাবে তোমার জীবন,
আরেকদিকে আমাদের নতুন নতুন আকাঙ্ক্ষিত স্বপ্নের কথা;
যা হবে বা হতেই হবে!
ঠিক অনেকটা শেকড় গজানো চাহিদার ন্যায়।
যতদিন যায় শেকড় আরও গজায়।
সংসার বৃক্ষ আরও বিদ্ধ মোলায়েম হয়। আমাদের বয়স বেড়ে যায়।
শেষ বেলা
স্যাঁতস্যাঁতে কার্নিশে আমাদের সেদ্ধ ঘামের শরীরে
বর্তমান দাড়িয়ে
উঁকি দিয়ে আসে ভবিষ্যৎ।
তোমার না বলা চাহিদার উষ্ণতা
জরায়ু হয়ে আসছে এই ঝর বাদলের দহনে;
মিলে যাচ্ছেনা তবুও ক্ষয়ের শব্দ।
জীবনের দাম অসীম প্রাণ সমুদ্রের ঢেউ-র এক বিন্দু শক্তি।
