র্যাবের হেফাজতে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী বনী আমিন ফকিরকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বনীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন র্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক।
এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকা থেকে বনীকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যান সাদাপোশাকের কয়েক সদস্য।
র্যাব-৪-এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। আজ তার বাবা ও ফুপা আমাদের কাছে এসেছিল। জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বনী আমিনের বাবা আবদুল জলিল বলেন, ‘কিছু জিজ্ঞাসাবাদ শেষে বনীকে আমার সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। বনী এখন আমার সাথেই রয়েছে।’
